বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৬ ১৪৩২
বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৬ ১৪৩২

জ্বালানি সাশ্রয়ে বাজিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জ্বালানি সাশ্রয়ে বাজিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সংযোগ অধিশাখা থেকে জারি করা নির্দেশনার আলোকে এবং জেলা প্রশাসনের নির্দেশনায় কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সময় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাজিতপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের নির্ধারিত সময় মেনে দোকানপাট বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করা এবং মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে জনস্বার্থ বিবেচনায় হোটেল, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসমূহ এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিলবোর্ডসহ সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের তদারকিতে উপজেলা প্রশাসন বাজিতপুরে এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত সময় মেনে চলতে হবে।”

‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড: বিসিবি অ্যাড-হক কমিটি বিতর্কে

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড: বিসিবি অ্যাড-হক কমিটি বিতর্কে

বিসিবির অ্যাড-হক কমিটিতে রাজনৈতিক পরিবারের চার সদস্যের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। নতুন কমিটিতে রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। তবে দীর্ঘদিন ধরে উপমহাদেশে এই ধরনের সংস্কৃতি প্রতিষ্ঠিত।

বিসিবির সর্বশেষ নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়মের দায়ে আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ৭ এপ্রিল, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এনএসসি এই সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম।

নবগঠিত অ্যাড-হক কমিটির সদস্যদের মধ্যে বেশ কিছু রাজনৈতিক পরিবারের সদস্য রয়েছেন। আইনজীবী রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। এছাড়া, মির্জা ইয়াসির আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে। বিএনপির সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ এবং বিএনপির সংসদ সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরুও কমিটিতে রয়েছেন।

এই চার সদস্যকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। যদিও বছরের পর বছর ধরে উপমহাদেশে এই ধরনের প্রবণতা বিরাজমান। আগের বোর্ডেও তখনকার সরকারের পছন্দের ব্যক্তিরা বিসিবির পরিচালক হয়েছিলেন, যা তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।

সংসদে এই বিষয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অধিবেশনে তিনি বলেন, “বিসিবিকে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলা যায় না। এটি হয়ে গেছে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’। যেভাবে দখল করা হয়েছে, তাতে বোর্ডের নিয়ন্ত্রণ যেন পরিবারবিহীন নয়।”

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “ক্রিকেট বোর্ড কীভাবে এসেছে তা মাননীয় স্পিকারকে জানাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরকারি ক্ষমতার প্রয়োগ করে জেলা ক্রীড়া সংস্থাগুলোর কমিটিগুলোকে প্রভাবিত করেছিলেন। রেজিস্টার্ড ক্লাবগুলোর কাউন্সিলরদেরও প্রভাবিত করা হয়েছিল এবং হাইকোর্টে যে রিট দায়ের হয়েছিল, সেটি এখনও স্থগিত। পরে বর্তমান সরকার মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর (আমিনুল হক) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথেষ্ট অনিয়মের বিষয়গুলো উঠে এসেছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আগের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দেশের কৃতী ক্রিকেটার তামিম ইকবালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমরা কোনো ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ করি নি। তিন মাসের মধ্যে এই কমিটি বিধি মোতাবেক নির্বাচন সম্পন্ন করবে।”

অ্যাড-হক কমিটির মেয়াদ তিন মাস, যা আগামী ৬ জুলাই পর্যন্ত চলবে। এর পর তারা নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

ভৈরবে রেলওয়ে পুলিশের অভিযানে চার আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
ভৈরবে রেলওয়ে পুলিশের অভিযানে চার আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার চার আসামিকে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা রেলওয়ে স্টেশন এলাকায় বৈদ্যুতিক ক্যাবল চুরি, মাদক রাখা এবং ছিনতাইয়ের প্রস্তুতির সঙ্গে জড়িত ছিল।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ডাদেশ প্রদান করেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ক্যাবল চুরির সময় স্থানীয় জনতা আসলাম খান (৪০) নামে একজনকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পালিয়াকান্দা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০), চাঁদপুর সদর উপজেলার বাকরপুর এলাকার চান খানের ছেলে আসলাম খান (৪০), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার গজারিয়া এলাকার খুরশেদ আলমের ছেলে রাকিব মিয়া (২০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালিকাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে সালাউদ্দিন (১৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ট্রেনের ছাদে উঠে ছিনতাইয়ের প্রস্তুতির অপরাধে সালাউদ্দিন ও রাকিবকে দুই মাস করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। ক্যাবল চুরির অপরাধে আসলাম খানকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া গ্রেপ্তারকৃত ইয়াছিন মিয়ার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, রেললাইনের পাশ থেকে ক্যাবল চুরির সময় স্থানীয়দের সহায়তায় আসলাম খানকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় সংসদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬’ বিল পাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
জাতীয় সংসদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬’ বিল পাস

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদান এবং সংশ্লিষ্ট ঘটনায় দায় নির্ধারণের লক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬’ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদের কণ্ঠভোটে বিলটি অনুমোদন দেওয়া হয়।

সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিলটি পাসের আগে এ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিলের কিছু ধারা নিয়ে আপত্তি উত্থাপন করেন। তিনি বলেন, বিলে ‘কমিশন’ বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে, যা নিয়ে তার আপত্তি রয়েছে।

তিনি আরও বলেন, বিলে বিশৃঙ্খল পরিস্থিতিতে সংঘটিত অপরাধের সংজ্ঞা নির্ধারণে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ড এবং ব্যক্তিস্বার্থে সংঘটিত সহিংস ঘটনাকে একই কাঠামোর মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। এতে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে সংঘটিত কার্যক্রমের যথাযথ মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তিনি মত দেন।

এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত আপত্তি উত্থাপিত হলেও তা নাকচ করে কণ্ঠভোটে বিলটি পাস করা হয়।

সংসদ সূত্রে জানা গেছে, নতুন এ আইনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় নির্ধারণের একটি আইনি কাঠামো নির্ধারণ করা হবে।