বর্ণাঢ্য আয়োজনে করিমগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সারা দেশের মতো কিশোরগঞ্জের করিমগঞ্জেও জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), করিমগঞ্জের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, ঋণ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র উদ্যোক্তা, সমবায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. দাউদ হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার এবং সাংগঠনিক সম্পাদক ও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে সমন্বিত পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে পল্লী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিআরডিবির আওতাধীন কয়েকটি সক্রিয় সমবায় সমিতির মধ্যে মোট ২২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রমে বিশেষ অবদান এবং আত্মনির্ভরশীলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ কয়েকজন সফল সমবায়ীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array