বেপরোয়া গতির বলি যাত্রী, করিমগঞ্জে অটোরিকশার ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নাদিম মিয়া (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ ইউনিয়নের জাফরাবাদ এলাকায় জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মূল সতাল ভট্টাচার্য এলাকার মো. চুন্নু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশা জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় যাত্রী নাদিম মিয়া অটোরিকশা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, করিমগঞ্জ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরেই যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিয়মিত নজরদারি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array