বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে তাঁর গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৩০ মিনিটে পরশুরাম উপজেলার উপকণ্ঠে খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। পরে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতে বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন। দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন। সেখানে স্থাপিত ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।

নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারধর ও বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক পরিচয়দানকারী সাজেদুল হক নাঈমের বিরুদ্ধে নিকলী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুল। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিকলী সদর ইউনিয়নের গুণিয়াহাটি গ্রামে শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুলের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, সাজেদুল হক নাঈম ও তাঁর সঙ্গে থাকা রুবেল বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ সময় বাড়িঘর ও পানির লাইন ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে নাঈম কাঠের বর্গা দিয়ে তাঁকে আঘাত করে আহত করেন বলে অভিযোগ করেন শিমুল।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁদের বাড়ির পাশের পানি নিষ্কাশন ও পুকুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃষ্টির পানি ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সৃষ্ট জলাবদ্ধতার জন্য নাঈম তাঁদের পরিবারকে দায়ী করে আসছিলেন। বিষয়টি সমাধানের কথা বলে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে তিন লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন শিমুল।

শিমুলের দাবি, হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি গত ১৩ সেপ্টেম্বর নিকলী থানায় লিখিত অভিযোগ করেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন। পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউএনও শামীম আরার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ভুক্তভোগী।

নিকলী থানার সূত্র জানিয়েছে, শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি এসআই সাগর তদন্ত করছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, নাঈমও শিক্ষিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। নিকলী থানায় দেওয়া ওই অভিযোগে শিক্ষিকার ভাই মারুফ ইসলাম শাওনের বিরুদ্ধে মেসেঞ্জারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।

অভিযোগের বিষয়ে নাঈমের বক্তব্যও গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, এলাকায় বালু ভরাট ও পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে শিক্ষিকার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগের বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য জানা যায়নি।

অভিযোগকারী শিমুল বলেন, ঘটনার পর নাঈম তাঁর কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। তবে তিনি কোনো অপরাধ না করায় বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নিকলী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিও উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম বলেন, একজন শিক্ষিকাকে মারধর ও তাঁর বাড়িঘর ভাঙচুরের অভিযোগের বিষয়টি দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, নাঈম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখান এবং বিভিন্ন সময়ে চাঁদাবাজির চেষ্টা করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ বা পুলিশের তদন্তের ফল পাওয়া যায়নি। তাই অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন।

এ ছাড়া ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার খিলক্ষেত থানায় সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির অভিযোগে নাঈমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে সে সময় সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও অভিযোগকারী পক্ষ দাবি করেছে। এ ঘটনার বর্তমান আইনি অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট নথি যাচাই করা যায়নি।

স্থানীয় সাংবাদিকদের একটি অংশ নিকলীতে সাংবাদিক পরিচয় ব্যবহারকারীদের পরিচয় ও প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, প্রকৃত সাংবাদিক ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তা আলাদাভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

কিশোরগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মো. জুবায়ের হোসেনের পদায়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মো. জুবায়ের হোসেনের পদায়ন
কিশোরগঞ্জের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. জুবায়ের হোসেনকে (পরিচিতি নম্বর: ১৮১৪৭)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত মো. জুবায়ের হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি/পদায়ন করা হলো।
একই সাথে, The Code of Criminal Procedure, 1898-এর 10(2) ধারার বিধান অনুযায়ী পদায়িত জেলায় তাঁকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (ADM) ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে।

এদিকে, রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বার্তায় জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ৫ ও ৬ মে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় অর্থাৎ ৫০ শতাংশ এবং রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

এ সময় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে একই সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।