মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা সরকারের নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা সরকারের নেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা সরকার করছে না এবং এমন কোনো ইচ্ছাও সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তবে এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন। ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস (অফকম) ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ধর্মীয় বক্তার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে নুরুজ্জামান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্বধলা থানা ও কটিয়াদী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নুরুজ্জামান ও তার সহযোগীরা প্রায় দুই বছর ধরে ধর্মীয় বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজনের কথা বলে অগ্রিম টাকা নেওয়া হতো।

মামলার অভিযোগে বলা হয়, ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বাদীর ছবি ব্যবহার করে নিজেকে তার শ্যালিকা পরিচয় দেওয়া হয়। পরে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ ও তারিখ চূড়ান্ত করার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হতো।

পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তের সূত্র ধরে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে এর আগে আরও তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তার নুরুজ্জামানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

সৌদিতে দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত তুরস্ক-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
সৌদিতে দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠকে সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির তারা সুস্পষ্টভাবে বিরোধিতা করে। পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানানো হয়েছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মূল কাঠামো অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সম্মিলিত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবারের বৈঠককে সেই চুক্তির প্রথম বড় বাস্তব প্রয়োগের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যৌথ বিবৃতিতে কতসংখ্যক সেনা, কোন ইউনিট বা কী ধরনের সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হবে, তা নির্দিষ্ট করা হয়নি।

ইয়েমেনে সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর, অর্থনৈতিক স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা বেড়েছে। একই সময়ে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার হুতিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে পাল্টা অভিযান জোরদার করেছে।

রিয়াদের বৈঠকের যৌথ বিবৃতিতে হুতিদের নাম সরাসরি উল্লেখ না করা হলেও সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

এদিকে তিন দেশের জোটের প্রাতিষ্ঠানিক কাঠামোও এগিয়ে নেওয়া হচ্ছে। বৈঠকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি আরবকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যখন আরও উত্তপ্ত, তখন তুরস্ক ও পাকিস্তানের দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে: প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শিক্ষার মাধ্যমে সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা কোনো সাধারণ চাকরি হতে পারে না। মেধাবীরা যাতে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী হন, সরকার সেভাবেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলছে।

শিক্ষার্থীরা যাতে বইবিমুখ না হয়, সে জন্য শিখন ও শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়বে।’