মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ২১৬ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দীর্ঘ ২১৬ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ২১৬ দিন পর পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরুর ১৮ দিন পর আজ ভোররাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২১৬ দিন পর গত ১৮ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে।

গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কারখানাটি সচল করা হয়। এরপর আজ ভোররাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কারখানাটির কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ধর্মীয় বক্তার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে নুরুজ্জামান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্বধলা থানা ও কটিয়াদী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নুরুজ্জামান ও তার সহযোগীরা প্রায় দুই বছর ধরে ধর্মীয় বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজনের কথা বলে অগ্রিম টাকা নেওয়া হতো।

মামলার অভিযোগে বলা হয়, ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বাদীর ছবি ব্যবহার করে নিজেকে তার শ্যালিকা পরিচয় দেওয়া হয়। পরে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ ও তারিখ চূড়ান্ত করার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হতো।

পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তের সূত্র ধরে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে এর আগে আরও তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তার নুরুজ্জামানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

সৌদিতে দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত তুরস্ক-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
সৌদিতে দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত তুরস্ক-পাকিস্তান

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠকে সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির তারা সুস্পষ্টভাবে বিরোধিতা করে। পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানানো হয়েছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মূল কাঠামো অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সম্মিলিত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবারের বৈঠককে সেই চুক্তির প্রথম বড় বাস্তব প্রয়োগের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যৌথ বিবৃতিতে কতসংখ্যক সেনা, কোন ইউনিট বা কী ধরনের সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হবে, তা নির্দিষ্ট করা হয়নি।

ইয়েমেনে সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর, অর্থনৈতিক স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা বেড়েছে। একই সময়ে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার হুতিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে পাল্টা অভিযান জোরদার করেছে।

রিয়াদের বৈঠকের যৌথ বিবৃতিতে হুতিদের নাম সরাসরি উল্লেখ না করা হলেও সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

এদিকে তিন দেশের জোটের প্রাতিষ্ঠানিক কাঠামোও এগিয়ে নেওয়া হচ্ছে। বৈঠকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি আরবকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যখন আরও উত্তপ্ত, তখন তুরস্ক ও পাকিস্তানের দ্রুত সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে: প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শিক্ষার মাধ্যমে সুনাগরিক হয়ে উঠলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা কোনো সাধারণ চাকরি হতে পারে না। মেধাবীরা যাতে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী হন, সরকার সেভাবেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলছে।

শিক্ষার্থীরা যাতে বইবিমুখ না হয়, সে জন্য শিখন ও শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়বে।’