শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর জাপান সফরে মেট্রোরেলের ব্যয় ও ঋণের সুদ কমানোর আলোচনা হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রধানমন্ত্রীর জাপান সফরে মেট্রোরেলের ব্যয় ও ঋণের সুদ কমানোর আলোচনা হবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় কমানো এবং জাপান থেকে নেওয়া ঋণের সুদের হার হ্রাসের বিষয়গুলো আলোচনায় আসবে। দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে।

কতটি সমঝোতা স্মারক সই হতে পারে, জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, ‘আমরা আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছি। আশা করছি, এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে।’

ঢাকার মেট্রোরেল প্রকল্পের এমআরটি-১-এর ব্যয় ৮৩ শতাংশ এবং এমআরটি-৫-এর ব্যয় ১১৩ শতাংশ বেড়েছে। এ বিষয়ে আলোচনা হবে কি না এবং জাপানের ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, অবকাঠামো নির্মাণে জাপানের কাছে বাংলাদেশ বিভিন্ন ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামোগত সহযোগিতার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচিত হবে।

ঋণের সুদের হার কমানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব দেশের কাছ থেকেই কম সুদে ঋণ পেতে চাই। কিন্তু বৈশ্বিক ব্যবস্থাপনা এবং প্রতিটি দেশের নিজস্ব অভ্যন্তরীণ কারণও থাকে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে প্রশ্নগুলো করেছেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। ফলাফল আলোচনার পরই দেখা যাবে।’

বাংলাদেশ ও জাপানের বর্তমান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বের’ পর্যায়ে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, এর আওতায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ, মানবসম্পদ উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে এসব কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আসন্ন সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন আসাদ আলম সিয়াম। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হওয়ায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ প্রকল্প নির্মাণ এবং বাস্তবায়নে সহযোগিতা করে আসছে।

পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

তিনি জানান, সফরের দ্বিতীয় দিনে, ২৬ অক্টোবর, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি।

এ ছাড়া জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেবেন।

আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রীর এ সফর জাপানের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং নির্ধারিত সময়ে সেগুলোর কাজ শেষ করার সুযোগ তৈরি করবে। পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখতেও সফরটি ভূমিকা রাখবে।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকবেন সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) মো. শাকিরুল ইসলাম খানসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাবেন।

নিকলীতে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নিকলীতে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক মানুষ। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে বর ও কনেও রয়েছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের আমন্ত্রিত অতিথিরা খাবার খান। এর কিছুক্ষণ পরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ ব্যক্তিরা একে একে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকেন।

অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল ও তুষারসহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে কিরণ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, শুক্রবার তাঁর বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের অতিথিরা খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন ও তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বরপক্ষের আত্মীয় ও সিংপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া। তিনি জানান, অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি বলে তাঁর ধারণা। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাতভর একে একে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

এদিকে, নিহত কিরণের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ।

কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।

কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।

নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মনির হোসাইন হৃদয় (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সালুয়াদি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জনি মিয়া ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল মুন্সি, মো. হাসান আলী ও শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সালুয়াদি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসাইন হৃদয়কে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বিচারিক কার্যক্রমের জন্য কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।