বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো মোংলা বন্দর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তাঁর এ সফরকে কেন্দ্র করে বন্দরের অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ওঠানামা ও কনটেইনার পরিবহনের সক্ষমতা বাড়বে। এতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বন্দর চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করবে চীন।

প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বিপজ্জনক পণ্য (ডেঞ্জারাস কার্গো) হ্যান্ডলিংয়ের ব্যবস্থাও রাখা হবে। নতুন কনটেইনার ইয়ার্ডে যুক্ত করা হবে ৪৯টি যন্ত্রপাতি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা সম্ভব হবে। সব মিলিয়ে বছরে চার লাখ টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

এদিকে একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

এ বিষয়ে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চীনের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হবে, তার মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেলওয়ের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এতে আইসিডি থেকে রেলপথে পণ্য মোংলা বন্দরে আনা যাবে। পরে সেসব পণ্য বন্দরের জেটি দিয়ে জাহাজে পরিবহন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের কর্মসূচি শেষে সড়কপথে বাগেরহাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হজরত খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর খুলনায় গিয়ে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্য ও রেলভিত্তিক পণ্য পরিবহনেও গতি আসবে।

জ্বালানি খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
জ্বালানি খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইল বাংলাদেশ

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান জানান।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও বিনিয়োগের জন্য ব্রুনাইকে উৎসাহিত করেন।

জনশক্তি সহযোগিতার বিষয়ে তিনি জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা পূরণে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এ সময় ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অচলাবস্থা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা ও রাজেন্দ্রপুর এলাকায় সংঘর্ষের কারণে টঙ্গী ও গাজীপুরা থেকে গণপরিবহন ঘুরিয়ে ঢাকার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া বাসগুলো নিরাপত্তার কারণে যাত্রী নামিয়ে ঢাকাসহ কাছাকাছি নিরাপদ গন্তব্যে ফিরে যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের বাংলাবাজার, চান্দনা চৌরাস্তা, বাসন, হাড়িকেন ও বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে।

এ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহন টঙ্গী ও গাজীপুরা থেকে ঘুরিয়ে আবার ঢাকার দিকে পাঠানো হচ্ছে। কিছু বাসের যাত্রীদের নামিয়ে কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

টঙ্গী স্টেশন রোডে ঢাকাগামী ভিআইপি পরিবহনের চালক বাসার মিয়া বলেন, ‘সামনে গোলমাল, তাই ঢাকায় ফিরে যাচ্ছি।’ বসুমতি ও অনাবিল পরিবহনের চালকেরাও একই ধরনের কথা জানিয়েছেন।

টঙ্গীর মিলগেটে ময়মনসিংহগামী যাত্রী বিলকিস আক্তার বলেন, আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। কিন্তু বাস না যাওয়ায় এবং সামনে সংঘর্ষের খবর পেয়ে তিনি ফিরে যাচ্ছেন।

টঙ্গী স্টেশন রোডে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের টিএসআই মিলন জানান, গাজীপুর চৌরাস্তার দিকে আন্দোলনের কারণে যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে কিছু বাস আগেই যাত্রী নামিয়ে ঢাকার দিকে ফিরে যাচ্ছে। অন্য কিছু বাস টঙ্গী স্টেশন রোড থেকে বাইপাস হয়ে গাজীপুর যাচ্ছে।

পাঁচ দিন ধরে গাজীপুর শিল্পাঞ্চলে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংঘর্ষে আহত এক শ্রমিক গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর বুধবার আন্দোলন আরও জোরালো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছেন। পাশাপাশি ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রাজপথে অবস্থান করছেন।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এ ছাড়া প্রয়োজন হলে পরীক্ষার সূচি বা নির্দেশনায় সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।