বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিলবোর্ড স্থাপনের পরামর্শ সরকারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিলবোর্ড স্থাপনের পরামর্শ সরকারের

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দিয়েছে সরকার। ইতোমধ্যে গণভোটের বিষয়বস্তু তুলে ধরে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দপ্তরের সিনিয়র সহকারী সচিব মীর আলিফ রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে পরিষ্কার ধারণা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সারাদেশের সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদের এ পরামর্শ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

সভায় দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রশাসক অংশগ্রহণ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন। অন্যরা অনলাইনে সভায় অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভার শুরুতে সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যেই বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে। কিছু এলাকায় বিলবোর্ডের মাধ্যমেও প্রচারণা চলছে। আরও বিলবোর্ড স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জানান, বিভিন্ন স্থানে তথ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক, ভোট আলাপসহ সভা-সমাবেশের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, ‘ভোটের গাড়ি’ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত সাতটি ভিডিও কনটেন্ট তৈরি করা হয়েছে এবং আরও ভিডিও কনটেন্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরা তাঁদের গৃহীত কার্যক্রম সভায় উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন মহানগরী এবং গুরুত্বপূর্ণ পৌর শহরের প্রবেশপথসহ জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির বিলবোর্ডের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু প্রচার করতে হবে। স্থানীয় সরকারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এ ছাড়া মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মের নেতৃবৃন্দের মাধ্যমেও ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহার করার অনুরোধ জানান, যাতে তা জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে বিলবোর্ডের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের ব্যালট এবং গণভোট সম্পর্কিত লিফলেট যতটা সম্ভব জনবহুল স্থানে প্রচার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট যত বেশি সম্ভব স্থানে ও যতবার সম্ভব প্রচারের অনুরোধ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি এবং নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য, সিনিয়র অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপন ও আদেশে স্বাক্ষর করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাইস-চেয়ারম্যান করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপিকে।

ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

অন্যদিকে, পুনর্গঠিত নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়ের সচিব; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাকুন্দিয়া পৌরসভায় দুই সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

তোফায়েল আহমেদ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
পাকুন্দিয়া পৌরসভায় দুই সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্প দুটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (IUGIP)-এর অর্থায়নে মোট ৫০ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে দুটি সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এর মধ্যে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরপাকুন্দিয়া এলাকায় গামলা মুন্সীর বাড়ি থেকে সামাদ মেম্বারের বাড়ি পর্যন্ত ৩৯১ মিটার সড়ক ইউনিব্লক (ইন্টারলকিং ব্লক) দিয়ে নির্মাণ করা হচ্ছে। এছাড়া পৌর সদর বাজারের পাঠমহাল এলাকায় ১০৫ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (RCC) ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। একইভাবে পৌর সদর বাজারের পাঠমহাল এলাকার সড়কটিও দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

তিনি বলেন, জনসাধারণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভা এ দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ হাতে নিয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান খান, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মো. তন্ময় জামান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. এরফান উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জর্জ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে আসবে।

পাকুন্দিয়ায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তোফায়েল আহমেদ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম চরপলাশ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের ভাতিজা মো. রমজান আলী জানান, বুধবার দুপুর ২টার দিকে শফিকুল ইসলাম বাড়ির সামনের নিজ জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ না করার বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41