নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় অটোভ্যান বিধ্বস্ত, নিহত ৫
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার নজিপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে নজিপুর থেকে মহাদেবপুরের দিকে আসছিল যাত্রীবাহী একটি অটোভ্যান। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরএমও ডা. ইমরুল কায়েস বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হয়। এই ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন।”







