মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কদ্দুছ মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আজাহারুলকে বহিষ্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কদ্দুছ মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আজাহারুলকে বহিষ্কারের দাবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজাহারুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক নিয়মনীতি অমান্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক ও সাবেক সভাপতিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজাহারুল ইসলামের নির্দেশে তাঁর অনুসারীরা হাজীপুর কাচারী বাজারে আব্দুল কদ্দুছ মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র, সাইনিন্স, কুড়াল, রামদা, ধনুক-তীর, বল্লম ও টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করেন তাঁরা।

বক্তাদের অভিযোগ, হামলায় আব্দুল কদ্দুছ মিয়ার মাথায় আঘাত করা হয় এবং পায়ের রগ কেটে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় কদ্দুছ মিয়াসহ আট থেকে নয়জন আহত হন। পরে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, আজাহারুল ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে। তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁকে দল থেকে বহিষ্কারের জন্য জোর দাবি জানান তাঁরা।

১ নম্বর জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহসভাপতি বাচ্চু মিয়া, সাবেক সভাপতি সোহরাব উদ্দিন, প্রচার সম্পাদক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ভূঁইয়া ও মনির হোসেন।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম মড়ল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইসমাঈল আকন্দ, ৩ নম্বর হলিমা ওয়ার্ডের সভাপতি মো. আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু হানিফা, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শাহিন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৬ নম্বর হোগলাকান্দি ওয়ার্ডের মোস্তফা মৃর্ধা, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল ও আবু সাঈদ মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি এনামুল হক এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোবারক মৃর্ধা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিনারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাঈদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোকন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নয়ন মিয়া, আসাদ মিয়া এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব এক নতুন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস বলেন, বিশ্ব এখন চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে। এ অবস্থায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নতুন প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড থাকা সময়ের মধ্যে গত ১২ বছরের প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর তালিকায় রয়েছে। এ প্রবণতা এখনো অব্যাহত।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করে বলেছেন, বর্তমানে শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরও ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা দিতে পারে। এমনকি ২০২৭ সালেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির নতুন রেকর্ড হতে পারে।

চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশ্বের মিঠাপানির মজুত কমছে, দ্রুত গলছে হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে।

তবে এই পরিস্থিতির মধ্যে আশার দিক হলো, বিশ্বজুড়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থার বিস্তার। প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা রয়েছে—এমন দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন বিপর্যয় এড়াতে আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে আরও বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় থাকতে বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)। ৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) ও তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)-এর পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের একটি অভিযানিক দল ৯ নভেম্বর মধ্যরাতে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ‘ইউনাইটেড’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) সেখানে পৌঁছালে গোয়েন্দা দল বাসটির গতিরোধ করে। পরে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।