শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কটিয়াদীতে ১৪ কোটি টাকার সড়ক উদ্বোধন, জামায়াতকে ‘মিথ্যাবাদীর দল’ বললেন এমপি

মাইনুল হক মেনু প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে ১৪ কোটি টাকার সড়ক উদ্বোধন, জামায়াতকে ‘মিথ্যাবাদীর দল’ বললেন এমপি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সমালোচনা করে সংসদ সদস্য বলেন, ‘এরা হলো মিথ্যাবাদীর দল। ইসলামের নাম নিয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলে এরা।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের উন্নয়নের চিত্র পাল্টে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। কটিয়াদী হেডকোয়ার্টার থেকে পিরিজপুর জিসি হয়ে অড়িয়াধর পর্যন্ত বিস্তৃত সড়কটি জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের মানুষের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়িত হবে। কটিয়াদী উপজেলায় দুটি স্কিমের সমন্বয়ে একটি প্যাকেজের প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ২৫৩ টাকা ৮৮ পয়সা। ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্বাসনের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, এটি সরকারের বিশেষ বরাদ্দের একটি উন্নয়নকাজ। জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সড়কটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা আজ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সড়কটি সরকারের সাধারণ প্রকল্পের আওতায় নয়। অনেক আগে আম্পান নামে একটি ঘূর্ণিঝড় হয়েছিল। ওই সময় দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনর্বাসনের জন্য বিশেষ একটি প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্প থেকেই ৯ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য ১৪ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সড়কটির নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। তিনি বলেন, সড়ক না থাকলে মানুষের মানসম্মত জীবনযাপন ব্যাহত হয়। যোগাযোগব্যবস্থা ভালো না হলে মানুষের সামাজিক ও পারিবারিক সম্পর্কও বাধাগ্রস্ত হয়। যাতায়াতের সুব্যবস্থা না থাকলে মানুষ আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতেও আগ্রহ হারায়। তাই এলাকার উন্নয়নে সড়কটির গুরুত্ব অপরিসীম।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্মাণকাজ চলাকালে ঠিকাদারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। প্রয়োজনে নির্মাণসামগ্রী রাখার জায়গা নিশ্চিত করা, গাছ অপসারণসহ কাজের স্বার্থে যেসব সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণের গুণগত মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

এ সময় নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের ভাতা প্রদানসহ কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে জালাল উদ্দিন বলেন, এসব প্রতিশ্রুতি দেওয়ার সময় অনেকে তা বিশ্বাস করেননি। বরং ‘জান্নাতের ট্রেনে চড়ে দ্রুত জান্নাতে যাওয়ার’ আশায় থাকা একটি রাজনৈতিক দলের বক্তব্যে অনেকে আকৃষ্ট হয়েছিলেন। এখন তাঁরা নিজেদের আগের বক্তব্য অস্বীকার করছেন। সংসদেও দাঁড়িয়ে এসব কথা বলার বিষয়টি অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, ‘এরা হলো মিথ্যাবাদীর দল। ইসলামের নাম নিয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলে এরা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিঞা, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা এহতেশামুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মাহবুবুর রহমান বাচ্চু, মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, শরাফ উদ্দিন লস্কর ও আতিকুর রহমান আতিক; কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু; উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী; উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু; জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া শ্যামল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক এবং লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সড়কটির উন্নয়নকাজ শেষ হলে জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে আশা তাঁদের। এখন নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করাই সংশ্লিষ্টদের প্রধান দায়িত্ব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

রেজাউল হক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ খেলায় সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার চর্চা বাড়লে মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, জাতীয় দিবসকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধর এবং সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁদের দাবি, ব্যক্তিগত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে নিরপরাধ নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান ও তাঁর ছেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা থেকে নির্দোষ নেতাকর্মীদের অব্যাহতির দাবি করেন।

লিখিত বক্তব্যে জসিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে গচিহাটা বাজারে গচিহাটা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মারধরের ঘটনা ঘটে। মাদক সেবনের সন্দেহে শাহরিয়ার জামান রানা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। মারধরের শিকার হয়ে জয় বাড়িতে ফিরে বিষয়টি তাঁর চাচা মো. তাজুল শাহকে জানান। পরে ভাতিজাকে মারধরের কারণ জানতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে তাজুল শাহ গচিহাটা বাজারে যান। সেখানে শাহরিয়ার জামান রানার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুল শাহের ছুরিকাঘাতে শাহরিয়ার জামান আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। কিন্তু এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর নাম জড়িয়ে মামলা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী আফতাব উদ্দিন জয়কে মারধরের অভিযোগ এবং শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনা- দুটিরই নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মামলায় অন্তর্ভুক্ত নিরপরাধ ব্যক্তিদের নাম প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফতাব উদ্দিন জয়ের বড় বোন আফিমা বেগম বলেন, “আমার ছোট ভাই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। আখতারুজ্জামান স্যারের ছেলে শাহরিয়ার জামান রানা অন্যায়ভাবে চড় মেরে তাকে আহত করেছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

এ সময় বক্তব্য দেন সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজাদ রহমান মিশর, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আহসান উদ্দিন দয়াল, সিনিয়র সহসভাপতি এস এম মোজাম্মেল হক ইমন এবং সাবেক ইউপি সদস্য আলী হোসেন শাহ।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য আফিমা বেগম, শাহিনসহ পরিবারের অন্যান্য সদস্য এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা মো. আজাদ রহমান মিশর শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দোষ ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ব্যক্তিগত বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা উচিত নয়। তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রয়াত বিএনপি নেতার মার্কেটের জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত মনিরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
প্রয়াত বিএনপি নেতার মার্কেটের জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত মনিরের বিরুদ্ধে

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে প্রয়াত বিএনপি নেতা এ. কে. আমিনুল হকের প্রতিষ্ঠিত ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’-এর ১৪ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করা প্রয়াত নেতার পরিবার নিরাপত্তা ও সম্পত্তি সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত এ. কে. আমিনুল হকের স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগম অভিযোগ করেন, গত ৩ নভেম্বর রাতে মার্কেটের প্রবেশপথে থাকা তাঁদের মালিকানাসংবলিত সাইনবোর্ড এবং হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ-সংক্রান্ত নোটিশবোর্ড খুলে নেওয়া হয়েছে। পরে সেখানে অন্য পক্ষের মালিকানা দাবি করে একটি ব্যানার টাঙানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লায়লা আঞ্জুমান আরা বেগম দাবি করেন, ১৯৯৩ সাল থেকে ১৪ শতাংশ জমিটির বৈধ মালিকানা ও দখল তাঁদের পরিবারের। জমি নিয়ে বিরোধের জেরে জালিয়াতির অভিযোগে ২০২৩ সালে কিশোরগঞ্জের আদালতে ১৫২/২০২৩ নম্বর মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, জমির মালিকানা-সংক্রান্ত বিরোধে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলা ৩৭৩৭/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রয়েছে। আদালতের এ আদেশ থাকা সত্ত্বেও মার্কেটের প্রবেশপথ থেকে সাইনবোর্ড ও নিষেধাজ্ঞার নোটিশবোর্ড খুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লায়লা বেগম পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জমির মালিকানা সুরক্ষা এবং আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তাঁর ছেলে এ কে এম আরিফুল হক রনি, সাবেক অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদলসহ মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জমি দখলচেষ্টার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান মনিরের বক্তব্য পাওয়া যায়নি। জমির মালিকানা নিয়ে মামলা বিচারাধীন থাকায় বিষয়টি আদালতের আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।