ভৈরবে জানাজায় রাজনৈতিক স্লোগানের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নবী হোসেন (৪৫) ভৈরব পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে। তাকে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস।
পুলিশ জানায়, গত সোমবার সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় নবী হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।
ওসি লিমন বোস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নবী হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সর্বশেষ জানাজায় রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় একজন মৃত ব্যক্তির জানাজায় রাজনৈতিক স্লোগান দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি লিমন বোস।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array