সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সাংবাদিক আরিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নেত্রকোনায় সাংবাদিক আরিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে ‘রূপসী বাংলা’র জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আরিফকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি মো. মিজানুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, ‘সংগ্রাম’ পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আ. রউফ, কোষাধ্যক্ষ আতাউল হাসান দিনার, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু এবং সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জোনায়েদ হোসেন জুয়েল।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ রাজ, রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন এবং মোহাম্মদ উমর ফারুক।

বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আরিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়বে। তাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো কার্যালয়ের গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় এসে পড়ে। এতে আগুন ধরে গেলেও কিছুক্ষণ পর তা নিভে যায়। কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে বটতলা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘কাপড়ে আগুন লাগিয়ে ঢিল মারা হলো। প্রচার করা হলো দুদক অফিসে পেট্রল বোমা মারা হয়েছে। অথচ ব্যানার, বারান্দাসহ কোথায় কোনো পোড়া দাগও নেই।’

পুলিশ সুপার আরও বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও ৩ বস্তা পটাশ। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সার মজুতের তথ্য পেয়ে প্রশাসন এ অভিযান চালায়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল জানান, জব্দ করা ১৫৮ বস্তা সার তাঁর হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাঈদা আক্তার (নারী কনস্টেবল-৩২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাঈদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় কর্মরত ছিলেন। গত ১২ নভেম্বর তিনি ভৈরব থানায় যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বাসিন্দা এবং তামাবিল হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল জোবায়ের আহমেদের স্ত্রী। তাঁদের সংসারে সাড়ে ছয় বছরের একটি ছেলে ও ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর জানান, ভৈরব থানায় যোগদানের পর সাঈদা জ্বরে আক্রান্ত হন। পরে ছুটিতে বেলাবোয় নিজ বাড়িতে গিয়ে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ২১ নভেম্বর দুপুরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাঈদা। পথে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আগরপুর এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় বেলাবোয় পৌঁছানোর পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বেলাবোয় তাঁর দাফন সম্পন্ন হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সাঈদা আক্তারের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।