ভক্তদের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদোর ২০০৮
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এই বিতর্ক নতুন করে উসকে দিয়েছে ব্যালন ডি’অরের আয়োজকদের এক অভিনব উদ্যোগ। ফুটবলের সাত দশকের ইতিহাস উদ্যাপনে চালু হয়েছে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী বা ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম) নির্বাচন। এতে ভক্তদের ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
লন্ডনের দ্য লন্ডন প্যালাডিয়ামে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক দিন আগে শুরু হওয়া এই অনলাইন ভোটাভুটিতে অংশ নিচ্ছেন সাধারণ ফুটবলপ্রেমীরা। তবে প্রতিটি ভোট দিতে খরচ করতে হচ্ছে ১ ইউরো। ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে চলা এই ভোটগ্রহণ আগামী ২৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত উন্মুক্ত থাকবে।
ভোটাভুটির প্রাথমিক ফলে মোট ভোটের ৬২ শতাংশ পেয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদোর ২০০৮ সালের সংস্করণ। ওই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিলেন তিনি। তাঁর সেই সাফল্যের মৌসুমটিকেই ভোটাররা বেশি পছন্দ করছেন।
অন্যদিকে, এক পঞ্জিকাবর্ষে ৯১ গোলের বিশ্বরেকর্ড গড়া লিওনেল মেসির ২০১২ সালের সংস্করণটি ১৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির ২০২৩ সালের সংস্করণটি পেয়েছে ৯ শতাংশ ভোট।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি আটটি ভিন্ন মৌসুমে ব্যালন ডি’অর জেতায় তাঁর সমর্থকদের ভোট বিভিন্ন বছরের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। অন্যদিকে, ২০০৮ সালের ইউরোপীয় সাফল্যের কারণে রোনালদোর সমর্থকেরা একই সংস্করণে বেশি ভোট দিচ্ছেন। ভোটের ব্যবধানের পেছনে এটিকে একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের তৈরি করা তালিকায় রয়েছেন ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তি—আলফ্রেডো দি স্তেফানো, ইয়োহান ক্রুইফ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, মিশেল প্লাতিনি, মার্কো ভ্যান বাস্তেন, কার্ল-হাইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, রোনালদো নাজারিও, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁদের ক্যারিয়ারের নির্দিষ্ট মৌসুমগুলোকে ভোটের জন্য রাখা হয়েছে। সাধারণত সাংবাদিকদের ভোটে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারিত হলেও এই প্রতীকী নির্বাচনে সরাসরি ভোট দিচ্ছেন ভক্তরা।
ভক্তদের ভোটাভুটির বাইরেও মাঠের খেলায় আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন রোনালদো ও মেসি। ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রোনালদো। ১ হাজার ৩০০টির বেশি ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৮০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ১ হাজার ১০০টির বেশি ম্যাচে ৯৩৫ গোল নিয়ে এগিয়ে যাচ্ছেন একই মাইলফলকের দিকে।










Disqus comments are not configured yet.