বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ

২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে অর্থনীতির মোট আকার, ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) ও প্রবৃদ্ধির গতির দিক থেকে ভারত এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি।

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসের বরাতে এ তথ্য জানানো হয়েছে। আইএমএফের পূর্বাভাসে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সীমাবদ্ধতার চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও অর্থনীতির সামগ্রিক সক্ষমতা ও মানুষের প্রকৃত জীবনযাত্রার মানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে এখনো পার্থক্য রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের অর্থনীতি বাংলাদেশের তুলনায় প্রায় আট গুণ বড়। ২০২৬ সালে ভারতের মোট জিডিপি ৪ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে বাংলাদেশের জিডিপি হতে পারে ৫০৬ বিলিয়ন ডলার।

তবে মাথাপিছু জিডিপির হিসাবে বাংলাদেশের এগিয়ে থাকার পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। গত ১৩ অক্টোবর প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালেও মাথাপিছু জিডিপির হিসাবে ভারতকে ছাড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পরবর্তী সময়ে ভারত আবারও এগিয়ে যায়।

গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ অগ্রগতিতে তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং শ্রমবাজারে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে আসায় বাংলাদেশের অর্থনীতি বর্তমানে চাপের মুখে রয়েছে।

মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেও ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপির হিসাবে ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে ভালো। এ পদ্ধতিতে দুই দেশের জীবনযাত্রার ব্যয় ও স্থানীয় মূল্যস্তরের পার্থক্য বিবেচনায় নেওয়া হয়। ফলে মাথাপিছু জিডিপির তুলনায় পিপিপির হিসাব মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা সম্পর্কে ভিন্ন চিত্র তুলে ধরে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, পিপিপির ভিত্তিতে ২০২৬ সালে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ১২ হাজার ৯৯৮ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ১০ হাজার ৮৮৪ ডলার।

অর্থাৎ, মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে থাকার সম্ভাবনা থাকলেও অর্থনীতির সামগ্রিক আকার ও ক্রয়ক্ষমতার সমতার হিসাবে ভারত এগিয়ে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

বদলির আদেশ না পেয়ে আমরণ অনশনে নারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বদলির আদেশ না পেয়ে আমরণ অনশনে নারী শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা আটকে আছে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় হতাশায় ভুগছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে অযথা কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে তাঁদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।

অনশনরত শিক্ষকেরা নিজ জেলা বা বাড়ির কাছাকাছি কর্মস্থলে বদলির দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, দূরবর্তী জেলায় চাকরি করার কারণে পারিবারিক জীবনে অশান্তি ও কলহ তৈরি হচ্ছে। বদলির চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘সরকার নীতিমালা করে বদলি ব্যবস্থা চালু করেছে বলেই আমরা আবেদন করেছি। এখন আমরা দ্রুত বদলির আদেশ চাই। আমার মতো অসংখ্য শিক্ষিকা আজ সন্তান ও পরিবারের কাছে ফেরার তাগিদে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’

কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী ইসরাইল মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা ক্রিকেট দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালট্যান্ট ১০০টি, জুনিয়র কনসালট্যান্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের পদ ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিক্যাল অফিসার পাঁচটি, মেডিক্যাল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ২০টি এবং অ্যানেসথেসিস্টের ২০টি পদ রয়েছে।

এদিকে হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরুর প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে।

মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে।

ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপরই হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।