বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

হাসপাতালে নার্সকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে সহকর্মীদের বিক্ষোভ

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাসপাতালে নার্সকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে সহকর্মীদের বিক্ষোভ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে, একই ঘটনায় রোগীর স্বজনদের পক্ষ থেকেও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে পৃথক মানববন্ধন করা হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও কর্মসূচিতে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ থেকে ৬০০ জন অংশ নেন। তাঁরা নার্স রিমা আক্তারের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নেতৃত্ব দেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার তপন কুমার। তিনি বলেন, দায়িত্ব পালনরত একজন নার্সের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নার্সরা রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাসফিয়া আক্তার অন্তরা, সালমা আক্তার, মেহেরিন নেসা শাওন, জসীমউদ্দীন, মাহবুবুর রহমান নয়ন ও মাকসুদুর রহমান রকি। এ ছাড়া নার্সিং কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন শান্ত, সাদিয়া সুলতানা ও চম্পা আক্তারসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, রোগীদের সেবা দিতে গিয়ে নার্সদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর স্ট্রোকজনিত অসুস্থতার কারণে মো. রায়হান উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলার ৬০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা এজাহারে বলা হয়েছে, রোগীর মৃত্যুর পর তাঁর মেয়ে প্রিয়াঙ্কা আক্তার (৪০), জামাতা কামাল উদ্দিন এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা রিমা আক্তারের চুলের মুঠি ধরে শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে নিরাপত্তাকর্মী হায়দার মিয়াও হামলার শিকার হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে রোগীর স্বজন প্রিয়াঙ্কা আক্তার ও তাঁর স্বামী কামাল উদ্দিনের অভিযোগ, হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁদের মারধর করেছেন। তাঁদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রোগীর পরিবারের পক্ষ থেকেও মঙ্গলবার সকাল ১১টার দিকে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আলোচনা শেষে রোগীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আহত নার্স রিমা আক্তার হাসপাতালের বিশেষ ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও পৃথক মানববন্ধনের ঘটনায় হাসপাতাল এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত, উভয় পক্ষের অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জ্বালানি খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
জ্বালানি খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইল বাংলাদেশ

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান জানান।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও বিনিয়োগের জন্য ব্রুনাইকে উৎসাহিত করেন।

জনশক্তি সহযোগিতার বিষয়ে তিনি জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা পূরণে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এ সময় ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অচলাবস্থা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা ও রাজেন্দ্রপুর এলাকায় সংঘর্ষের কারণে টঙ্গী ও গাজীপুরা থেকে গণপরিবহন ঘুরিয়ে ঢাকার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া বাসগুলো নিরাপত্তার কারণে যাত্রী নামিয়ে ঢাকাসহ কাছাকাছি নিরাপদ গন্তব্যে ফিরে যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের বাংলাবাজার, চান্দনা চৌরাস্তা, বাসন, হাড়িকেন ও বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে।

এ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহন টঙ্গী ও গাজীপুরা থেকে ঘুরিয়ে আবার ঢাকার দিকে পাঠানো হচ্ছে। কিছু বাসের যাত্রীদের নামিয়ে কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

টঙ্গী স্টেশন রোডে ঢাকাগামী ভিআইপি পরিবহনের চালক বাসার মিয়া বলেন, ‘সামনে গোলমাল, তাই ঢাকায় ফিরে যাচ্ছি।’ বসুমতি ও অনাবিল পরিবহনের চালকেরাও একই ধরনের কথা জানিয়েছেন।

টঙ্গীর মিলগেটে ময়মনসিংহগামী যাত্রী বিলকিস আক্তার বলেন, আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। কিন্তু বাস না যাওয়ায় এবং সামনে সংঘর্ষের খবর পেয়ে তিনি ফিরে যাচ্ছেন।

টঙ্গী স্টেশন রোডে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের টিএসআই মিলন জানান, গাজীপুর চৌরাস্তার দিকে আন্দোলনের কারণে যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে কিছু বাস আগেই যাত্রী নামিয়ে ঢাকার দিকে ফিরে যাচ্ছে। অন্য কিছু বাস টঙ্গী স্টেশন রোড থেকে বাইপাস হয়ে গাজীপুর যাচ্ছে।

পাঁচ দিন ধরে গাজীপুর শিল্পাঞ্চলে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংঘর্ষে আহত এক শ্রমিক গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর বুধবার আন্দোলন আরও জোরালো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছেন। পাশাপাশি ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রাজপথে অবস্থান করছেন।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এ ছাড়া প্রয়োজন হলে পরীক্ষার সূচি বা নির্দেশনায় সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।