করিমগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজারে ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রির উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।
অভিযানকালে ওষুধের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রির উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অনিয়ম শনাক্ত করা হয়। এ ঘটনায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হয়েছে।
ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ) উপধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং (গ) উপধারায় ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রি, বিক্রির উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
অভিযানে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং ওষুধ বিক্রিতে আইনানুগ শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল সাধারণ মানুষের কাছে বিক্রি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।













Disqus comments are not configured yet.