এনআইডি সংশোধনে জালিয়াতি, জড়িতদের ছাড় নয়: সিইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও পাসপোর্ট পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘এই অভিযোগে আমাদের অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনেকের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করেছি। তাদের গ্রেপ্তারের ব্যবস্থাও করেছি। সুতরাং আমরা ছাড় দিচ্ছি না।’
জালিয়াতি ঠেকাতে এনআইডি সংশোধনের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে ইসি। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই করে সন্তুষ্ট হওয়ার পরই সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আবেদনকারীকে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ দিতে হচ্ছে।
এনআইডি সংশোধনের অপব্যবহার সম্পর্কে সিইসি বলেন, অনেক ক্ষেত্রে নাম পরিবর্তন করে সম্পত্তি বিক্রি করা হয়েছে। কেউ কেউ উত্তরাধিকার বা ওয়ারিশ হিসেবে নিজেদের প্রমাণ করতে এনআইডি সংশোধন করেছেন। আবার কেউ জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট পরিবর্তনের চেষ্টা করেছেন। তাই যাচাই-বাছাই ছাড়া তাৎক্ষণিকভাবে সব আবেদন অনুমোদন করা সম্ভব নয়।
ইসির কর্মকর্তারা জানান, এনআইডি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে পঞ্চগড় সদর কার্যালয়ের অফিস সহকারী কামনা রানী সরকারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের অনেক আবেদনে পিতা ও ছেলের বয়সের ব্যবধান মাত্র তিন বছর, আবার মা ও মেয়ের বয়সের ব্যবধান দুই থেকে তিন বছর দেখানো হয়েছে। কারও কারও একাধিক জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদও রয়েছে।
এসব তথ্য যাচাই না করে সংশোধন করা হলে জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি ভুয়া পরিচয়ে এনআইডি সংগ্রহের ঝুঁকিও রয়েছে।
সিইসি বলেন, ‘এমনও শোনা যায়, বিদেশি নাগরিক, রোহিঙ্গারা আমাদের নাগরিক হয়ে এনআইডি তৈরি করে ফেলে। এজন্য এগুলো যাচাই-বাছাই, তদন্ত ও পর্যালোচনা করা প্রয়োজন হয়।’
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অনেক আবেদনকারী এমন জন্মতারিখ সংশোধন করতে চান, যা তাঁদের আগের নিবন্ধনের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।
উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন ব্যক্তির জন্ম ১৯৯৭ সালে। তিনি ২০১৫ সালে ১৮ বছর বয়সে ভোটার হন। পরে তিনি জন্মসাল ২০০২ করতে চান। এতে নিবন্ধনের সময় তাঁর বয়স দাঁড়ায় ১৩ বছর। অথচ ভোটার হওয়ার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর। এ ধরনের আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অনেকে বিদেশে যাওয়ার সমস্যা বা ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে মানবিক বিবেচনায় সংশোধনের আবেদন করেন। কিন্তু যথাযথ যাচাই ছাড়া অনুমোদন দিলে ইসিকেই সমস্যায় পড়তে হয়।
ইসির কর্মকর্তারা জানান, অধিকাংশ এনআইডি সংশোধন উপজেলা পর্যায়েই করা সম্ভব। তবে নাম, পিতা-মাতার নাম ও বয়সসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে সংশোধনের জটিল আবেদন উচ্চপর্যায়ে পাঠানো হয়। সেখানে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদসহ প্রাসঙ্গিক নথি যাচাই করা হয়।
পিতার নাম পরিবর্তনের ক্ষেত্রে তাঁর এনআইডি এবং পরিবারের অন্য সদস্যদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। শুধু হলফনামার ভিত্তিতে এ ধরনের সংশোধন করা সম্ভব নয়।
সিইসি বলেন, ‘আপনি যদি আপনার নাম ও বাবার নাম পরিবর্তন করতে চান, তাহলে আমরা বলতে পারি আপনার অন্যান্য ভাই-বোনের এনআইডি নিয়ে আসেন। তাঁদের এনআইডিতে বাবার নাম কী আছে।’
সংশোধনের যথার্থতা নিশ্চিত করতেই এসব তথ্য চাওয়া হয় বলে জানান তিনি।
সম্প্রতি এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনে আসেন যশোরের কেশপুরের হরিদাশ কর্মকার (ছদ্মনাম)।
তিনি জানান, ছয় মাস আগে স্ত্রীর নাম সংশোধনের আবেদন করেছিলেন। তখন তাঁকে জানানো হয়, তাঁর স্ত্রীর নামে দুটি জন্মনিবন্ধন রয়েছে। একটি বাতিল করে এলে সংশোধন করে দেওয়া হবে। পরে একটি জন্মনিবন্ধন বাতিল করে ইসিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা স্ত্রীর ভাই-বোনের প্রত্যয়নপত্র ও বায়োমেট্রিক তথ্যসহ আরও কিছু নথি চান। তবে তিনি এখনো এসব কাগজপত্র সংগ্রহ করতে পারেননি।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন বাতিল করা হয়েছে।
বাতিলের কারণ সম্পর্কে সিইসি বলেন, অনেক আবেদনে প্রয়োজনীয় তথ্য ও জন্মসনদ পাওয়া যায়নি। কারও কারও একাধিক জন্মসনদ, এসএসসি বা স্নাতকের সনদ থাকায় কোনো একটি নথির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, আবেদন বাতিল হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবার আবেদন করার সুযোগ রয়েছে। যথাযথ তদন্ত ও প্রমাণ ছাড়া কোনো আবেদন বাতিল করা হয় না।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বাতিলের সংখ্যা মানেই এতজন আবেদনকারী নয়। একজন ব্যক্তি চার-পাঁচবারও আবেদন করতে পারেন। একই আবেদনে একাধিক তথ্য সংশোধনের অনুরোধ থাকলে একটি সংশোধন অনুমোদন হলেও অন্যগুলো বাতিল হতে পারে।
তিনি আরও বলেন, উপজেলা থেকে মহাপরিচালক পর্যায়ে আবেদন বাতিল হওয়ার পরও সচিব পর্যায়ে আপিলের সুযোগ রয়েছে। সেখানেও আবেদন বাতিল হতে পারে। কোনো কোনো আবেদন ছয়-সাতবার পর্যন্ত বাতিল হয়েছে। ফলে বাতিলের মোট সংখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত আবেদনকারীর সংখ্যা নির্ধারণ করা যায় না।
ইসির কর্মকর্তারা জানান, প্রবাসীদের সেবা সহজ ও দ্রুত করার চেষ্টা চলছে। যাঁদের কাগজপত্র সঠিক, তাঁদের আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
সিইসি বলেন, ‘আমরা অনেকগুলো দূতাবাসে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু করেছি।’
তিনি জানান, অনেকে সঠিক পাসপোর্ট নিয়ে বিদেশে যাননি, আবার কেউ কেউ দালালের মাধ্যমে বিদেশে গেছেন। এসব তথ্য যাচাই করতে হয়। সৌদি আরবে অনেক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কাজ করছেন বলেও প্রতিবেদন পাওয়া গেছে।
সিইসি আরও বলেন, ‘যদি সব তথ্য ঠিক থাকে, আমরা অবশ্যই দ্রুত সময়ে প্রবাসীদের বিষয়টি সমাধানের চেষ্টা করব। কারণ প্রবাসীরা দেশের লাইফলাইন বলতে পারেন। তাঁদের রেমিট্যান্সের ওপরই দেশের অর্থনীতি টিকে আছে। তাঁদের ভিআইপি মর্যাদায় কাজটা করে দেওয়ার চেষ্টা করব।’
আখতার আহমেদ বলেন, অনেকে আগে এনআইডি করলেও পরে জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট তৈরি করেন। এতে তথ্যের অমিল তৈরি হয়। জন্মনিবন্ধন তৈরির সময় এনআইডির সঙ্গে তথ্যের মিল রাখলে এ সমস্যা এড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজের ক্ষেত্রে বয়সের শর্ত থাকায় অনেকে বয়স ও অন্যান্য তথ্য পরিবর্তন করেন। পরে সমস্যায় পড়লে বাবা বা মায়ের নাম পরিবর্তনের আবেদনও করেন।
ইসির লক্ষ্য, নাগরিকেরা যেন নিবন্ধনের সময় সঠিক তথ্য দেন, যাতে পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন না হয়। স্থানান্তরের কারণে ঠিকানা পরিবর্তন, বিয়ে বা বিবাহবিচ্ছেদের কারণে বৈবাহিক অবস্থার পরিবর্তন এবং ধর্ম পরিবর্তনের মতো বিষয়ও নির্ধারিত পদ্ধতিতে সংশোধন করা যায়।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, নাম, বাবা-মায়ের পরিচয় বা জন্মতারিখের মতো মৌলিক তথ্য পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি।










Disqus comments are not configured yet.