রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নিজস্ব উদ্যোগে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায়। বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির ওপর জোর দিচ্ছে। এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ সময় এসএমই খাতের বিকাশে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান অর্থমন্ত্রী।

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

কটিয়াদী থানায় হামলা-অগ্নিসংযোগের হুমকি, ওসিকে গালাগাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
কটিয়াদী থানায় হামলা-অগ্নিসংযোগের হুমকি, ওসিকে গালাগাল

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুলসংখ্যক বৈঠা জব্দের ঘটনার পর এবার থানায় হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থানায় অগ্নিসংযোগের হুমকি দিয়ে পোস্ট করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে বুধবার রাতে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে যাঁর নির্দেশে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ, সেই রঞ্জু অভিযানের খবর পেয়ে আগেই সরে পড়েন।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফেসবুকে ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি এবং তাঁকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা একটি পোস্ট তিনি দেখতে পান। তাঁর ধারণা, এটি একটি ভুয়া আইডি।

ওসি বলেন, পোস্টটিতে কারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন এবং অ্যাকাউন্টটির বন্ধুতালিকায় কারা রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে হুমকিদাতাকে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যে এ ঘটনায় জিডি করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে।

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে চোট পেয়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর বাভুমার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

এ ছাড়া আরও একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টের জন্য ঘোষিত একাদশ থেকে বাদ পড়েছেন পেসার ডেন প্যাটারসন। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আনরিখ নর্কিয়া।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফের পেশিতে চোট পান বাভুমা। ৪৯ রানে থাকতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জোহানেসবার্গ টেস্ট জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে হয়নি তাঁকে।

বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে ভারত সফরে। অন্যদিকে, ফাস্ট বোলার নর্কিয়া গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফিরেছিলেন। তবে দুটি টেস্ট খেলার পর আবারও চোটে পড়েন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে দলে ফিরেছেন এই পেসার।

চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে পড়ায় সফরকারী বাংলাদেশের একাদশেও একাধিক পরিবর্তন আসতে পারে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই মাঠে এর আগে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে হেরেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।