বিদায়ী পোস্টে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো
সবুজ ঘাসের ২২ গজে দুই যুগেরও বেশি সময় ধরে চলা রূপকথার লড়াইয়ের সমাপ্তি ঘটেছে আগেই। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরও সামাজিক যোগাযোগমাধ্যমে যেন থামছে না আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। এবার ইনস্টাগ্রামে জনপ্রিয়তার লড়াইয়ে মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। তবে সর্বকালের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টের রেকর্ড এখনো মেসির দখলে।
পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে বিদায়ী ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন রোনালদো। সেই ভিডিওতে পাওয়া লাইকের সংখ্যা ছাড়িয়ে গেছে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা-সংবলিত পোস্টের লাইকসংখ্যাকে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ ফরোয়ার্ড কয়েক ঘণ্টার ব্যবধানেই গড়েছেন নতুন এই রেকর্ড।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রায় পাঁচ মিনিটের একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা স্মৃতি তুলে ধরার পাশাপাশি সতীর্থ, পরিবার ও কোটি কোটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মার্কিন সংবাদমাধ্যম ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিডিও প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যে রোনালদোর পোস্টে লাইক পড়ে ২ কোটি ৬০ লাখ। অন্যদিকে, গত ৩১ আগস্ট মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা-সংবলিত পোস্টে তখন লাইক ছিল ১ কোটি ৯৭ লাখ। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানেই মেসির পোস্টকে ছাড়িয়ে যান রোনালদো।
এই উন্মাদনা আরও বাড়ে সময়ের সঙ্গে। মেক্সিকোর ‘ফক্স স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই রোনালদোর ভিডিওতে লাইকের সংখ্যা ৩ কোটি ৮ লাখে পৌঁছায়। একই সময়ে মেসির পোস্টে লাইক ছিল ১ কোটি ৯৮ লাখ। দুই তারকার বিদায়ী পোস্টের ব্যবধান দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখে।
পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতের ‘গালফ নিউজ’-এর তথ্য অনুযায়ী, রোনালদোর ভিডিওতে লাইক বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটি ২০ লাখে। মন্তব্য আসে ৩২ লাখের বেশি এবং শেয়ার বা রিপোস্ট হয় প্রায় ৬২ লাখ বার। ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় ৪৫ কোটি ৫০ লাখ। অন্যদিকে, মেসির বিদায়ী পোস্টে তখন লাইক ছিল প্রায় ২ কোটি, মন্তব্য ৮ লাখ ৯২ হাজার এবং শেয়ার বা রিপোস্ট ২৬ লাখ। তবে ভিউয়ের হিসাবে তখনো সামান্য এগিয়ে ছিলেন মেসি। তাঁর পোস্টের ভিউ ছিল ৪৬ কোটির বেশি।
সময়ের সঙ্গে রোনালদোর ভিডিওর দর্শকসংখ্যাও বাড়তে থাকে। আরব সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র প্রতিবেদনে বলা হয়, পোস্টটিতে লাইক পৌঁছায় প্রায় ৩ কোটি ৩৫ লাখে এবং ভিডিওর মোট ভিউ ছাড়িয়ে যায় ৪৮ কোটি ৬০ লাখ। ফলে লাইকের পাশাপাশি ভিডিও দেখার সংখ্যাতেও বড় মাইলফলক স্পর্শ করেন রোনালদো। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যান ভিন্ন সময়ে সংগ্রহ করা হয়েছে।
অবশ্য রোনালদোর এই অর্জনকে ইনস্টাগ্রামে সর্বকালের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টের বিশ্বরেকর্ড বলা যাবে না। সেই রেকর্ড এখনো মেসির দখলে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সোনালি ট্রফি হাতে কয়েকটি স্মরণীয় ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। পোস্টটি পরবর্তী সময়ে ৭ কোটির বেশি লাইক পায়। ২০২৩ সালের ২৪ মার্চ ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ ওই পোস্টে ৭ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৪৭টি লাইক থাকার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ধরনেও দুই তারকার মধ্যে ছিল ভিন্নতা। গত ৩১ আগস্ট নিজের হাতে লেখা একটি আবেগঘন চিঠির ছবি শেয়ার করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি। এরপর গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ঘরের মাঠে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন তিনি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন। তাঁর দল আর্জেন্টিনা জয় পায় ৩-০ গোলে।
অন্যদিকে, রোনালদো বেছে নেন দীর্ঘ ভিডিওবার্তার পথ। পর্তুগালের হয়ে দুই দশকের বেশি সময়ের যাত্রার নানা স্মৃতি তুলে ধরে অবসরের ঘোষণা দেন তিনি। ভিডিওতে জাতীয় দলের ‘সাত নম্বর’ জার্সি অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন পর্তুগিজ কিংবদন্তি।
২০০৩ সালে দেশের জার্সিতে অভিষেকের পর ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েই বিদায় নিলেন তিনি। পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের দুটি উয়েফা নেশন্স লিগের শিরোপা।
অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন মেসি। তাঁর নেতৃত্বে ২০২২ সালের বিশ্বকাপ ছাড়াও দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।










Disqus comments are not configured yet.