সহশিক্ষা কার্যক্রম হিসেবে আর্ট এক্সিবিশনের অনুমতি
সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।
ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’ ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে পাঠানো চিঠিটি মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মাউশি মনে করে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা এবং সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে আর্ট এক্সিবিশনকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে।
তবে এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে মাউশি। চিঠিতে বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন প্রতি তিন মাস পরপর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে মাউশির শারীরিক শিক্ষা বিভাগে জমা দিতে হবে।
চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও কার্যক্রম পরিচালনার নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।













Disqus comments are not configured yet.