বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, প্রধানমন্ত্রীর জন্য ১৭৪ প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, প্রধানমন্ত্রীর জন্য ১৭৪ প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের প্রথম বৈঠক বসবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে।

এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এ ছাড়া জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিভিন্ন প্রস্তাবের ওপর সিদ্ধান্ত চেয়ে ২৮১টি নোটিশ জমা পড়েছে।

অধিবেশনের প্রথম বৈঠকে তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। পাশাপাশি পাঁচ থেকে ছয়টি বিল নিয়ে আলোচনা হতে পারে বলে আগেই জানানো হয়েছিল।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতেই নতুন অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। তবে প্রথম দিনের অধিবেশন শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা তাঁর প্রস্তাবকে সমর্থন জানান। সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতিও বৈঠকে আলোচনায় আসে।

সংসদ সচিবালয় সূত্রের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হবে। আগামী জানুয়ারিতে নতুন বছরের প্রথম অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় চতুর্থ অধিবেশনের সময়সীমা কম রাখা হয়েছে।

তুরস্কে শুরু কপ-৩১, জলবায়ু সংকট মোকাবিলায় ঐকমত্যের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
তুরস্কে শুরু কপ-৩১, জলবায়ু সংকট মোকাবিলায় ঐকমত্যের চেষ্টা

তুরস্কে আজ বুধবার (১১ নভেম্বর) শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১। সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরবেন। একই সঙ্গে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দীর্ঘদিনের স্থবির উদ্যোগও নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আলোচকেরা।

ভূমধ্যসাগরের উপকূলীয় পর্যটন শহর আনতালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এমন এক সময়ে সম্মেলনটি হচ্ছে, যখন বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমার তেমন কোনো লক্ষণ নেই। অন্যদিকে যুদ্ধ, মূল্যস্ফীতি ও নানা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বনেতাদের মনোযোগ জলবায়ু পরিবর্তনের বিষয় থেকে সরে যাচ্ছে।

গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়ন এই সীমার মধ্যে রাখার অঙ্গীকার করেছিল দেশগুলো।

২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিয়ুস। বর্তমানে তিনি জলবায়ু সম্মেলনের সাবেক সভাপতিদের নিয়ে গঠিত একটি পরামর্শক পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর মতে, বিশ্বনেতাদের বক্তব্য জলবায়ু আলোচনা এগিয়ে নিতে নতুন গতি তৈরি করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, নেতাদের জন্য এটি বিভিন্ন ঘোষণা দেওয়ার সুযোগ। তবে এবার আরও গুরুত্বপূর্ণ হলো, তাঁরা কীভাবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন, তা জানানো। কারণ, আনতালিয়া সম্মেলনের মূল লক্ষ্যই হলো পরিকল্পনা বাস্তবায়ন।

সম্মেলনের সূচি অনুযায়ী, বুধবার বিকেল থেকে বিশ্বনেতাদের বক্তব্য শুরু হবে। বৃহস্পতিবার দিনভরও তাঁদের বক্তব্য চলবে। এতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধানেরা অংশ নেবেন। বুধবার যাঁদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তাঁদের মধ্যে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিল্ডা হাইনে।

বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছে না। ২০২৫ সালে আবার ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তিনি বিশ্ব উষ্ণায়নকে ‘প্রতারণা’ বলেও মন্তব্য করেছেন।

কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওপর চাপ দিচ্ছে, যাতে চূড়ান্ত চুক্তিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। প্রস্তাব অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করতে হবে। বর্তমানে এ হার ২০ শতাংশের সামান্য বেশি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাড়ি, কারখানা ও ভবন থেকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমতে পারে।

তবে সমালোচকদের মতে, শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালে বিশ্ব উষ্ণায়ন কমাতে খুব বেশি সুফল নাও মিলতে পারে। কারণ, প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদন অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি থেকে করতে হবে—এমন কোনো শর্ত নেই। একই সঙ্গে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বড় কোনো পরিকল্পনাও এখনো স্পষ্ট হয়নি।

মঙ্গলবার সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টিকে অসম্ভব মনে করার সময় অনেক আগেই শেষ হয়েছে। তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে এবং কত দিনের মধ্যে কমানো হবে, সে বিষয়ে স্পষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে।

এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে একটি বৈশ্বিক পরিকল্পনা তৈরির বিষয়ে দেশগুলো একমত হতে পারেনি। তবে গত কয়েক সপ্তাহে ব্রাজিলের সম্মেলনের আয়োজকেরা এ বিষয়ে একটি রূপরেখা প্রকাশ করেছেন। জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ধরে রাখাই এর লক্ষ্য।

রূপরেখায় বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে দেশগুলোকে নিজেদের জ্বালানি ব্যবস্থা নিয়ে পরিকল্পনা তৈরি ও পর্যালোচনা করতে হবে। এরপর ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানির সরবরাহ কমাতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

আফ্রিকায় বিস্তৃত হচ্ছে ইবোলা, কঙ্গোতে আক্রান্ত ১১ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
আফ্রিকায় বিস্তৃত হচ্ছে ইবোলা, কঙ্গোতে আক্রান্ত ১১ হাজারের বেশি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৪২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৩৮৭ জন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত সরকারি তথ্য থেকে এসব পরিসংখ্যান জানা গেছে।

এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলা ভাইরাসের বিরল প্রজাতি বান্দিবুগিও। গত মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। এই প্রজাতির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবের পর এটিকে দ্বিতীয় বৃহত্তম ও প্রাণঘাতী প্রাদুর্ভাব হিসেবে দেখা হচ্ছে। ওই সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন। তাঁদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ছড়িয়ে পড়েছে ইবোলা। আক্রান্তদের অনেকেই কোনো চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা গেছেন। আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। দেরিতে রোগ শনাক্ত হওয়া, সংঘাত এবং স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপকে সংক্রমণ বিস্তারের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

ইতিমধ্যে পূর্ব, মধ্য ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন এলাকায় ইবোলা সংক্রমণের খবর পাওয়া গেছে। আফ্রিকায় এর আগে ইবোলার কোনো প্রাদুর্ভাব এত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েনি।

কিশোরগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলাম ওরফে সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ।

সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম ওই এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানার মামলা নম্বর ০২(০২)২০-এর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী তাঁকে এ সাজা দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে ইউনিটটি কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল আমিনুল ইসলামের অবস্থান শনাক্ত করে। পরে বয়লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।