বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ত্রুটি, বন্ধ আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। এতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর কার্যক্রম ব্যাহত হচ্ছে। ত্রুটি সমাধানে কাজ করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে কাজ চলছে।
আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়।
সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়।
কোর ব্যাংকিং সিস্টেম হলো ব্যাংকের কেন্দ্রীয় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সফটওয়্যার। এর মাধ্যমে গ্রাহকের হিসাব পরিচালনা, টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণ ব্যবস্থাপনা এবং সুদের হিসাবসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন হয়।
একটি ব্যাংকের বিভিন্ন শাখাকে একই নেটওয়ার্কের আওতায় এনে কেন্দ্রীয়ভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সহায়তা করে এই ব্যবস্থা।
কোর ব্যাংকিং সিস্টেম মূলত ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, আরটিজিএসের কাজ হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি করা।
ফলে কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি সমস্যা দেখা দিলে এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তব্যাংক লেনদেনও ব্যাহত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সিবিএসে ত্রুটির কারণে আপাতত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।










Disqus comments are not configured yet.