শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কটিয়াদীতে অনুমোদনহীন ইটভাটার দৌরাত্ম্য, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে অনুমোদনহীন ইটভাটার দৌরাত্ম্য, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘রূপসী বাংলা’ নামে একটি ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মুমুরদিয়া এলাকায় অবস্থিত ইটভাটাটিতে নতুন মৌসুমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে পরিবেশের ভারসাম্য, কৃষিজমি ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাটিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সেখানে ইট পোড়ানোর কাজও শুরু হয়েছে। ভাটা থেকে নির্গত ধোঁয়া আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে ঘন কালো ধোঁয়ায় এলাকার বায়ুদূষণ বাড়ছে বলে অভিযোগ তাঁদের।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইটভাটাটিতে ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা ও পরিবেশগত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। জনবসতি ও কৃষিজমির কাছাকাছি এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. মমিন ভূঁইয়া বলেন, ‘অনুমোদনহীন ইটভাটা পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। রূপসী বাংলা নামে কোনো ইটভাটার অনুমতি দেওয়া হয়নি। যদি এ নামে কেউ ভাটা চালিয়ে থাকেন, আমরা তদন্ত করে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখব।’

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, ‘যদি এ ধরনের কোনো অবৈধ ইটভাটা এলাকায় চালু থেকে থাকে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাইপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে। পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।’

ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসরণ বাধ্যতামূলক। আইন অনুযায়ী, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তিন ফসলি কৃষিজমির দুই কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ইটভাটা পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র (ইসিসি), জেলা প্রশাসকের লাইসেন্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন থাকতে হয়। আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে জরিমানা, ভাটা গুঁড়িয়ে দেওয়া কিংবা ভেঙে ফেলার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এ অবস্থায় ‘রূপসী বাংলা’ ইটভাটার অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না, তা সরেজমিনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় কৃষিজমি, প্রাকৃতিক পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব আরও বাড়তে পারে।

কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।

কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।

নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মনির হোসাইন হৃদয় (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সালুয়াদি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জনি মিয়া ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল মুন্সি, মো. হাসান আলী ও শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সালুয়াদি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসাইন হৃদয়কে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বিচারিক কার্যক্রমের জন্য কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হোসেনপুরে রাতারাতি সরকারি জমিতে দোকান নির্মাণ, বুলডোজার দিয়ে উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
হোসেনপুরে রাতারাতি সরকারি জমিতে দোকান নির্মাণ, বুলডোজার দিয়ে উচ্ছেদ

কিশোরগঞ্জের হোসেনপুরে রাতের আঁধারে সরকারি জমি দখল করে নির্মাণ করা একটি টিনশেড দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে পৌর শহরের বিভিন্ন সড়কের ফুটপাত ও চলাচলের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে হোসেনপুর পৌরসভার মধ্যবাজারের শৌচাগার ও সজ মহাল এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ ও সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দখলদাররা হোসেনপুর মধ্যবাজারের সজ মহাল এলাকায় সরকারি জমিতে একটি টিনশেড দোকান নির্মাণ করেন। শনিবার সকালে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থাপনাটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ইউএনওর নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ পৌরসভার একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বুলডোজার দিয়ে অবৈধভাবে নির্মিত টিনশেড দোকানটি ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

অভিযানের অংশ হিসেবে হোসেনপুর কাপড়পট্টিতে জুতা ও বিভিন্ন গার্মেন্টসের দোকানের সামনে ফুটপাত দখল করে নির্মিত বর্ধিতাংশও (এক্সটেনশন) অপসারণ করা হয়। এ ছাড়া মিষ্টিপট্টি চৌরাস্তা থেকে মাছমহাল সড়ক পর্যন্ত অবৈধভাবে বসানো ফলের দোকান ও ভাসমান হকারদের সরিয়ে দেওয়া হয়। এতে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং শহরের যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।