কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।
কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।
নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







Disqus comments are not configured yet.