বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো নিরাপত্তা বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামো আধুনিকায়ন, উন্নত নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নের এসব উদ্যোগ সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এগুলো নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। কাজের বিচ্ছিন্নতা কমানো এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলো একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামোসংক্রান্ত প্রকল্প।

চলমান প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।

তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। অর্থ ব্যয়ের এ ধীরগতি প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশই বাংলাদেশ পুলিশের জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।

এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।

আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়ন করা হবে।

সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি জোরদার করতে অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন। নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বাহিনীটির।

এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার পৃথক একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোও উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। এ ছাড়া ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং জননিরাপত্তা সেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে কটিয়াদীতে কৃষি প্রণোদনা বিতরণ

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে কটিয়াদীতে কৃষি প্রণোদনা বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বাড়াতে ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের আশা, এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তেলবীজ ও ডালজাতীয় ফসলের আবাদে তাঁরা আরও উৎসাহিত হবেন।

মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমান উল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিবসহ উপকারভোগী কৃষক-কৃষাণী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ২৪০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

এ ছাড়া ৬০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে ১০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উন্নত জাতের বীজ ব্যবহার এবং সুষম সার প্রয়োগের মাধ্যমে ফসলের ফলন ও গুণগত মান বাড়ানো সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার নিয়মিত কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা যাতে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহারে পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগডাল রবি মৌসুমের গুরুত্বপূর্ণ ফসল। এসব ফসলের আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বাড়বে, অন্যদিকে ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সরিষার আবাদ বাড়লে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও সহায়ক হবে।

অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়তে চান ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়তে চান ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন এই সংসদ সদস্য।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি

জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধান জারি করেছে সরকার। এখন থেকে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে শুধু সর্বনিম্ন মূল্য বিবেচনা করা হবে না। এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক বাজারমূল্য নির্ধারণ কমিটি গঠন করা হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা তিন বছর কার্যকর থাকবে।

এ বিষয়ে গত ১১ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ অধিকতর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে দেওয়া ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সংশোধনী আনা হয়েছে।

সংশোধনের মাধ্যমে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য কাজ করবে জেলা কমিটি। এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি।

বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। এ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার হবেন সদস্য-সচিব।

জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার এ কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে উপজেলা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমিটির সদস্য হবেন। উপজেলা সাব-রেজিস্ট্রার থাকবেন সদস্য-সচিব।

সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণের মেয়াদ তিন বছর করা হয়েছে। কোনো এলাকার বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। তালিকার একটি অনুলিপি ১৫ ডিসেম্বরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।

বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনায় নিতে হবে। পাশাপাশি স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান, গণশুনানিতে পাওয়া তথ্য, পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্যও বিবেচনা করতে হবে।

বিধিমালায় বলা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাজারমূল্যে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।

কমিটিগুলোর কাছ থেকে তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন তা বিবেচনা করে চূড়ান্ত বাজারমূল্যের তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন। চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে জানতে পারেন।

তবে আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রি জারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল দলিলে প্রদর্শিত মূল্যেই নিবন্ধন করতে হবে।

বায়নাপত্রের ক্ষেত্রেও মূল্য নির্ধারণের পৃথক নিয়ম রাখা হয়েছে। বায়নাপত্রে উল্লেখিত সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। আর বায়নাপত্রে উল্লেখিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।

নতুন এ বিধিমালার মাধ্যমে জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সাম্প্রতিক ক্রয়-বিক্রয় এবং অবকাঠামোগত সুবিধাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।