একনেকের সভা কাল, অনুমোদনের জন্য উঠছে ২১ প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হবে।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।
সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে।
নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের প্রকল্পও তালিকায় রয়েছে। এর মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প রয়েছে।
এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প তালিকায় রয়েছে।
অর্থ-সামাজিক অবকাঠামো খাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে চলমান প্রকল্পের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।
সভায় শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্পও আলোচনায় আসবে।










Disqus comments are not configured yet.