শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপিত।

শাহিন আলম প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপিত।

‘প্রযুক্তির যুগে মানবিক মূল্যবোধ ও দর্শন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে ইউনেস্কো ঘোষিত বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের দর্শন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
​দর্শন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জনাব মো: আবদুল হাফিজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সিদ্দিক উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লুৎফুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
​আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা হোসেন তৃনা।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে দর্শনচর্চার কোনো বিকল্প নেই। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দর্শনকে কোনো নির্দিষ্ট জ্ঞানশাখার গণ্ডিতে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই; বরং জ্ঞানভিত্তিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ নির্মাণে দর্শনের ভূমিকা অনস্বীকার্য।
​আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৃষ্টির মধ্যেও জমজমাট ফুটবল ম্যাচ, ছাতা মাথায় নিয়ে খেলা উপভোগ করলেন দর্শকেরা।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
বৃষ্টির মধ্যেও জমজমাট ফুটবল ম্যাচ, ছাতা মাথায় নিয়ে খেলা উপভোগ করলেন দর্শকেরা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হাপানিয়া ইয়ংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম হাজী হোসেন আলী স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
খেলা চলাকালে বৃষ্টি শুরু হলেও কমেনি দর্শকদের উচ্ছ্বাস। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে মাঠে উপস্থিত দর্শকেরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনামুল হক হৃদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল-ইমরান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সুরুজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন মো. রায়হান মিয়া ও আনিছুর রহমান ছোটন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ, চালকসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ, চালকসহ আহত ৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের সরকারি হ্যাচারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি খালি পিকআপ (গরুবাহী গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিতে সজোরে ধাক্কা দেয়। এই ত্রিমুখী সংঘর্ষে গাড়ির চালকসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকোট এলাকার মালেক মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) এবং একই এলাকার আলী রহমানের ছেলে মো. ইমন (২৮)। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে শহরের আখড়া বাজার-সংলগ্ন মুক্তমঞ্চ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামল মিলকী, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।