কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে। সর্বশেষ দানবাক্সে পাওয়া রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা জমা হওয়ার পর মসজিদের ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৪ দিন পর মসজিদের ১০টি লোহার দানসিন্দুক ও দানবাক্স হিসেবে ব্যবহৃত পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়। সেখান থেকে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে এ হিসাব পাওয়া যায়।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ আগেরবারের তুলনায় এবার দানের পরিমাণ বেড়েছে ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৩৭১ টাকা।
শনিবার সকাল ৭টার দিকে দানসিন্দুক ও ট্রাঙ্ক খোলার কার্যক্রম শুরু হয়। পরে সেগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। সকাল ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দোতলায় টাকা গণনা শুরু করেন মাদরাসার শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। পুরো কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ জানান, প্রথম ধাপে গণনা করা ১০ কোটি টাকা বেলা সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের সেভিংস হিসাবে জমা করা হয়। পরে দ্বিতীয় ধাপের গণনা শেষে পাওয়া যায় আরও ৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দুই ধাপে মোট দানের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।
এর আগে শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানিয়েছিলেন, মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। নতুন পাওয়া দানের অর্থ যোগ করে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।
দানসিন্দুকগুলোতে শুধু দেশি-বিদেশি মুদ্রা নয়, পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও হীরার অলংকার। এর মধ্যে রয়েছে শত ভরির বেশি স্বর্ণালংকার। এবার প্রথমবারের মতো পাওয়া গেছে সোনার চামচ ও সোনার বাটি। এ ছাড়া দিনার, ইউরো ও ডলারসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মানতকারীদের ইচ্ছাপূরণের হাজারো চিঠিও পাওয়া গেছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দানবাক্স থেকে পাওয়া টাকা গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
তিনি আরও জানান, গত ১২ অক্টোবর দীর্ঘ ছয় বছর পর ট্রেজারিতে সংরক্ষিত স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রার সিলগালা খুলে গণনা করা হয়। তখন ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রূপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৬ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রূপার নিলাম কার্যক্রম চলমান রয়েছে।
পাগলা মসজিদের দানের অর্থ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদ কমপ্লেক্সের মাদরাসায় অধ্যয়নরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় এ তহবিল থেকে বহন করা হয়। এ মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। এ ছাড়া জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। মসজিদের কর্মচারী ও আনসার সদস্যদের বেতন, বিদ্যুৎ বিল এবং উন্নয়নকাজেও এ তহবিল থেকে অর্থ ব্যয় করা হয়।
এদিকে পাগলা মসজিদে দ্রুত আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি এ মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় মসজিদের ভেতরে জায়গা সংকুলান হয় না। ফলে খোলা আকাশের নিচে, এমনকি রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
উল্লেখ্য, নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রী দান করেন। টাকা ও স্বর্ণালংকার দানসিন্দুকে জমা দেওয়া হয়। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূল ও পবিত্র কোরআন শরিফসহ অন্যান্য সামগ্রী নিলামঘরে জমা দিতে হয়। ভক্ত ও দর্শনার্থীদের বিশ্বাস, এখানে দান করলে তাঁদের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মসজিদটিতে দান করতে আসেন।
Disqus comments are not configured yet.