রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের তদন্ত ঠেকাতে ঠিকাদারদের নতুন নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কংগ্রেসের তদন্ত ঠেকাতে ঠিকাদারদের নতুন নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এমন পরিস্থিতিতে সরকারি চুক্তির আওতায় কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছেন ট্রাম্প। এখন থেকে কংগ্রেসের কোনো সদস্য এসব প্রতিষ্ঠানের কাছে কাজসংক্রান্ত তথ্য চাইলে তা প্রথমে হোয়াইট হাউসকে জানাতে হবে। এরপর প্রশাসনের সঙ্গে আলোচনা করে জবাব দিতে হবে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২০ নভেম্বর) জারি করা এ নির্বাহী আদেশকে কংগ্রেসের তদন্তের ক্ষমতা সীমিত করার চেষ্টা হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। তাঁদের মতে, এ নির্দেশ বেআইনি।

ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা কোনো যোগাযোগকে ‘এক্সিকিউটিভ প্রিভিলেজ’ বা নির্বাহী বিভাগের গোপনীয় তথ্যের আওতাভুক্ত মনে করলে ঠিকাদারদের সে অনুযায়ী চলতে হবে। এ ধরনের তথ্য গোপন রাখার বিষয়ে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা মানতে হবে তাদের।

আদেশে আরো বলা হয়েছে, নির্বাহী বিভাগ যদি যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারি সংস্থা ও হোয়াইট হাউস ঠিকাদারদের সঙ্গে সংবেদনশীল তথ্য ভাগাভাগি করতে আগ্রহী হবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে সরকারের চুক্তি বাতিলও হতে পারে।

এ ছাড়া সরকারি ঠিকাদারদের কাছ থেকে তথ্য চাওয়ার বিষয়ে কংগ্রেসের কয়েকজন নেতার সমালোচনা করেছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশে বলা হয়েছে, কংগ্রেসের যেকোনো তদন্তের পেছনে অবশ্যই বৈধ আইনগত উদ্দেশ্য থাকতে হবে।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন মেরিল্যান্ডের প্রতিনিধি জেমি রাসকিন। তিনি ট্রাম্পের নির্বাহী আদেশকে ‘নজিরবিহীন ও প্রকাশ্যে বেআইনি’ বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে রাসকিন বলেন, ফেডারেল ঠিকাদারদের বেতন দেওয়া হয় করদাতাদের অর্থে, ট্রাম্পের ব্যক্তিগত অর্থে নয়। তাই কংগ্রেসের প্রশ্নের সত্য উত্তর দেওয়ার অধিকার ও দায়িত্ব তাদের রয়েছে। সরকারি অর্থের অপচয়, জালিয়াতি, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির তদন্ত করাও কংগ্রেসের দায়িত্ব।

তিনি আরো বলেন, কংগ্রেসে রিপাবলিকানরা এত দিন ট্রাম্প প্রশাসনের পাশে থাকলেও এবার জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে।

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন প্রকল্পের ব্যয় ও চুক্তি নিয়েও তদন্ত করতে চান ডেমোক্র্যাটরা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ, লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল মেরামত এবং কেনেডি সেন্টারের পরিকল্পিত সংস্কারকাজ।

সিনেটর রিচার্ড ব্লুমেনথাল চলতি মাসের শুরুতে কয়েকটি কম্পানিকে চিঠি দিয়ে হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্পের তদন্তে সহযোগিতা চেয়েছেন। এর আগে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় এবং নির্মাণকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চেয়েছিলেন তিনি।

এ ছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দেওয়া বিপুল পরিমাণ সরকারি চুক্তি খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটরা। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির হোমল্যান্ড সিকিউরিটি সাবকমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য হেনরি কুয়েলার সিএনএনকে বলেন, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে সরকারি ব্যয়ের ওপর আরো বিস্তৃত নজরদারি চালাতে পারবেন তাঁরা।

বর্তমানে কংগ্রেসে সংখ্যালঘু অবস্থানে থেকেও ডেমোক্র্যাটরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বিতর্কিত বিমান কেনা এবং নির্বাসন অভিযানে সহায়তাকারী বিভিন্ন চুক্তি তদন্তের চেষ্টা করেছেন।

কংগ্রেসের সম্ভাব্য তদন্ত ঠেকাতে হোয়াইট হাউসের নেওয়া পদক্ষেপের মধ্যে এটিই সর্বশেষ। গত সপ্তাহে হোয়াইট হাউসের আইনবিষয়ক উপদেষ্টা উইল শারফ এক মেমোতে জানান, ট্রাম্প প্রশাসনের কোনো নির্বাহী সংস্থা বা বিভাগের কর্মকর্তা কংগ্রেসে সাক্ষ্য দিতে চাইলে তাঁকে আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে।

হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়াকে লেখা এক চিঠিতে শারফ বলেন, প্রশাসন কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। তাঁর অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকে পরিচালিত কিছু তদন্ত সরকারি কাজের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।

ডেমোক্র্যাট কমিটির নেতাদের উদ্দেশে লেখা আরেক চিঠিতে শারফ বলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটরা এখনো সংখ্যালঘু অবস্থানে রয়েছেন। তাই তাঁদের নথি সংরক্ষণ বা হস্তান্তরের অনুরোধ মানতে প্রশাসনের কর্মকর্তারা বাধ্য নন।

শনিবার ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন রবার্ট গার্সিয়াও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কংগ্রেসের সাংবিধানিক তদারকির ক্ষমতার ওপর এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ আঘাত। তাঁর অভিযোগ, প্রশাসনের অপচয়, জালিয়াতি ও দুর্নীতির তথ্য প্রকাশ ঠেকাতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে ইউক্রেনে সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সেবার গতি কমানোর নির্দেশ কে দিয়েছিলেন, তা নিয়েও ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চাইছেন ডেমোক্র্যাটরা। শুক্রবার কংগ্রেসের একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সতর্ক করে বলেন, এ বিষয়ে প্রশাসন ও ইলন মাস্ক তথ্য দিতে অস্বীকার করলে স্পেসএক্সের তৈরি স্যাটেলাইট ব্যবস্থার জন্য সরকারি অর্থায়ন বন্ধের উদ্যোগ নিতে পারেন আইনপ্রণেতারা। এটিও আগামী বছরের সম্ভাব্য তদন্তের বিষয় হয়ে উঠতে পারে।

কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

শাহীন আলম প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর বিন্নাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিন্নাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুল হক টিটু, ৭ নম্বর বিন্নাটি ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফারুক, সহসভাপতি ধনু মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারুল ইসলাম বাপ্পি এবং বিন্নাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন।

এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে প্রকৃত উপকারভোগীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও যাচাই করা সহজ হবে। তাঁরা তথ্য সংগ্রহ কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত কর্মীরা কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে বিন্নাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তথ্য সংগ্রহের কাজ সহজ, দ্রুত ও নির্ভুল করতে ইউনিয়নের নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিশেষ করে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং শিশুদের জন্মনিবন্ধন সনদ সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সার্বিক সহযোগিতায় তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ধারিতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে

শেখ হাসিনাকে ‘বঙ্গশত্রু’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, শেখ হাসিনাসহ অপরাধ করে দেশের বাইরে অবস্থানকারীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সাইমুম পারভেজ বলেন, ‘শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসতে পারবেন না। আর আসতে চানও না, আসলে।’

তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে রবিবার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, গোপালগঞ্জের সহিংসতা, গণহত্যার বিচার ও রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

সাইমুম পারভেজ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে চলমান সংকটের মূলে রয়েছে আদর্শিক সমস্যা। রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়ে আওয়ামী লীগের অবশিষ্ট অংশ এখন একটি ছোট ‘কাল্টে’ পরিণত হয়েছে। সেখানে শেখ হাসিনা, শেখ মুজিব ও তাঁদের পরিবারের সদস্যদের একধরনের দেবত্ব দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নিজেদেরই হাসপাতাল ভাঙছে, নিজেদেরই রাস্তাঘাট কাটছে, নিজেদেরই দোকানপাট বন্ধ করে রাখছে।’ একটি শহর বা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে যেসব কার্যক্রম প্রয়োজন, সেগুলো তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর প্রশ্ন, ‘এর ফলে আসলে কার কী উপকার হচ্ছে?’

আন্দোলন মোকাবেলায় বিএনপি সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য তুলে ধরে সাইমুম পারভেজ বলেন, সরকার রাষ্ট্রীয় সহিংসতার পথে যেতে চায় না; জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করতে চায়। আওয়ামী লীগের অবশিষ্ট অংশ রাজনৈতিক সহিংসতায় জড়িত একটি ছোট গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটি এলাকায় গুপ্ত হামলা চালিয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে বামপন্থী, ডানপন্থী, জামায়াত ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলার প্রশ্নে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে দাবি করেন সাইমুম পারভেজ।

আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার পর অপরাধের দায় অস্বীকার করলে এবং অনুশোচনা না থাকলে রাজনৈতিক পুনর্মিলন সম্ভব নয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জনগণের সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে। যারা অপরাধ করেছেন, তাঁদের আগে অপরাধ স্বীকার করতে হবে। একই সঙ্গে গণহত্যার জন্য দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানকারীদের বিচারের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁদের অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হবে। আদালত ফাঁসি, যাবজ্জীবন বা অন্য যে সাজাই দেন, তা কার্যকর করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে সাইমুম পারভেজ বলেন, দলটি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় রাজনীতি করেছে। সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় কিংবা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁদের সমাজে পুনর্বাসনের চেষ্টা থাকবে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও রুয়ান্ডার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পুনর্মিলনের জন্য অপরাধীদের দায় স্বীকার করতে হয়। অপরাধ অস্বীকার কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুনর্মিলনের পথ তৈরি হয় না

এদিকে কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮০ কোটি টাকার জলবায়ু অর্থায়ন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জলবায়ু খাতে বিনিয়োগের জন্য জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৫ কোটি টাকা।

এ ছাড়া জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগ ‘গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কস’-এর আওতায় বাংলাদেশকে তিন কোটি ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি জোরদার করাই এ অর্থায়নের উদ্দেশ্য। দুর্যোগের আগেই অর্থের ব্যবস্থা রাখা গেলে ক্ষয়ক্ষতির পর দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, গ্লোবাল শিল্ডের আওতায় অতিরিক্ত দুই কোটি ইউরো বা প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ এ অর্থ পেতে পারে।

সিআইএফ ও গ্লোবাল শিল্ডের ঘোষিত অর্থায়ন মিলিয়ে বাংলাদেশ প্রায় ৭৮০ কোটি টাকা পাচ্ছে। প্রক্রিয়াধীন অর্থায়নও পাওয়া গেলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।

মানবিক বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
মানবিক বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে প্রধান পরিচয়—এমন মন্তব্য করেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।’

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শাহরিয়ারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁকে হারাতে হয়েছে। তিনি শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুনের সূত্রপাত হয়। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নিহত হন। পুড়ে যায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় রবিবার আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদীয় প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।