বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত, অর্থ বিভাগের পিওকে বাধ্যতামূলক অবসর
এ বিষয়ে অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারি করা আদেশে সই করেছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন রায়হানুল ইসলাম। টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ গঠন করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগের বিবরণী তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব দেননি। পরে অভিযোগ তদন্তে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
গত ১ জুলাই জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, রায়হানুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিবেদন ও নথিপত্র যাচাই শেষে তাঁকে কেন চাকরিচ্যুত করা হবে না বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ২৭ জুলাই দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি।
পরবর্তী সময়ে বিধিমালা অনুযায়ী কী ধরনের গুরুদণ্ড দেওয়া যেতে পারে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হয়। পিএসসি তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সুপারিশ করে।
তদন্ত প্রতিবেদন ও পিএসসির সুপারিশের আলোকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪(৩)(খ) বিধি অনুযায়ী রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।













Disqus comments are not configured yet.