ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাঈদা আক্তার (নারী কনস্টেবল-৩২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাঈদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় কর্মরত ছিলেন। গত ১২ নভেম্বর তিনি ভৈরব থানায় যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বাসিন্দা এবং তামাবিল হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল জোবায়ের আহমেদের স্ত্রী। তাঁদের সংসারে সাড়ে ছয় বছরের একটি ছেলে ও ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর জানান, ভৈরব থানায় যোগদানের পর সাঈদা জ্বরে আক্রান্ত হন। পরে ছুটিতে বেলাবোয় নিজ বাড়িতে গিয়ে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ২১ নভেম্বর দুপুরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাঈদা। পথে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আগরপুর এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় বেলাবোয় পৌঁছানোর পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বেলাবোয় তাঁর দাফন সম্পন্ন হয়।
ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সাঈদা আক্তারের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










Disqus comments are not configured yet.