ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ
সংগ্রহীত ছবি
গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও ৩ বস্তা পটাশ। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সার মজুতের তথ্য পেয়ে প্রশাসন এ অভিযান চালায়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল জানান, জব্দ করা ১৫৮ বস্তা সার তাঁর হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।










Disqus comments are not configured yet.