সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো কার্যালয়ের গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় এসে পড়ে। এতে আগুন ধরে গেলেও কিছুক্ষণ পর তা নিভে যায়। কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে বটতলা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘কাপড়ে আগুন লাগিয়ে ঢিল মারা হলো। প্রচার করা হলো দুদক অফিসে পেট্রল বোমা মারা হয়েছে। অথচ ব্যানার, বারান্দাসহ কোথায় কোনো পোড়া দাগও নেই।’

পুলিশ সুপার আরও বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ ঢাকায় গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ ঢাকায় গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় তিনি অন্যতম পলাতক আসামি ছিলেন।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকে আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

ওসি আরও জানান, সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

মো. বাহার মিয়া বলেন, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় রাজধানীর ভাটারা এলাকা থেকে আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও ৩ বস্তা পটাশ। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সার মজুতের তথ্য পেয়ে প্রশাসন এ অভিযান চালায়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল জানান, জব্দ করা ১৫৮ বস্তা সার তাঁর হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাঈদা আক্তার (নারী কনস্টেবল-৩২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাঈদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় কর্মরত ছিলেন। গত ১২ নভেম্বর তিনি ভৈরব থানায় যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বাসিন্দা এবং তামাবিল হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল জোবায়ের আহমেদের স্ত্রী। তাঁদের সংসারে সাড়ে ছয় বছরের একটি ছেলে ও ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর জানান, ভৈরব থানায় যোগদানের পর সাঈদা জ্বরে আক্রান্ত হন। পরে ছুটিতে বেলাবোয় নিজ বাড়িতে গিয়ে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ২১ নভেম্বর দুপুরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাঈদা। পথে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আগরপুর এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় বেলাবোয় পৌঁছানোর পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বেলাবোয় তাঁর দাফন সম্পন্ন হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সাঈদা আক্তারের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।