সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক নই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক নই: ড. ইউনূস

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বাড়িটি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বস্বীকৃত ব্যাংক। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সন্তানদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব ঋণগ্রহীতাই ব্যাংকের মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা মানে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

ড. ইউনূসের দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীরা প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশনা পাচ্ছে।

তিনি আরও বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর অন্যতম অবলম্বন।

বিবৃতিতে তিনি দাবি করেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে ড. ইউনূস বলেন, হামলাকারীরা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্নে চালু রাখা যায়।

ড. ইউনূস বলেন, হামলার ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত, বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনাকারীদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে।

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

অবশেষে অপেক্ষার অবসান। বৃষ্টি থামায় সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টির কারণে তিন ঘণ্টার বেশি সময় পিছিয়ে যায় ম্যাচের শুরু।

এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ খেলতে পারছেন না। তাঁদের পরিবর্তে দলে এসেছেন জাকের আলী অনিক ও খালেদ আহমেদ। এ ছাড়া মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।

চার পেসার নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

সিরিজে টিকে থাকতে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে হেরেছিল দলটি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ইউয়ান মুল্ডার, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

শীতার্তদের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে কম্বল দিল আশা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
শীতার্তদের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে কম্বল দিল আশা

সংগ্রহীত ছবি

শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কাছে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমনের হাতে কম্বলগুলো তুলে দেন আশা’র কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন আশা’র ডিভিশনাল ম্যানেজার মো. হাফিজুর রহমান আনন্দ, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল কাইয়ুম, অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক এবং ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।

কম্বল হস্তান্তরকালে অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন আশা’র বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের জন্য সংস্থাটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করতে চায় সরকার।

তিনি বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। এসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।

এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।

রাষ্ট্রের মালিক একমাত্র জনগণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ—এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।

সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। প্রায় ৪০ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ২টায়।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।