মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:২১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা, হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম চঞ্চল আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহসীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম ও যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হক।

এ ছাড়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।

সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে অংশীজনদের সুপারিশ চাইল সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে অংশীজনদের সুপারিশ চাইল সরকার

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের পাশাপাশি বিদেশি কূটনীতিকদেরও মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তবে মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে।

আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে জানিয়ে আসাদুজ্জামান বলেন, অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তাঁরা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন। সেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট নেওয়া হয়েছে। আলোচনার জন্য আইনের খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যাতে তাঁরা প্রস্তুতি নিয়ে আসতে পারেন।

কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কীভাবে আসছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

আইনের ধারাগুলোর সংজ্ঞা আরও স্পষ্ট করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সরকার সংজ্ঞাগুলো স্পষ্ট করা এবং দুর্বোধ্যতা দূর করার চেষ্টা করছে। আইনে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থক শব্দ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করি না।’

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত হয়েছেন।

এর আগে ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।

এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

সরকারি গাড়ি নিয়ে নতুন নির্দেশনা আইন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
সরকারি গাড়ি নিয়ে নতুন নির্দেশনা আইন মন্ত্রণালয়ের

অধস্তন আদালতের যেসব বিচারকের জন্য সরকারি গাড়ি বরাদ্দ রয়েছে, তাঁরা আইন মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মস্থল জেলার বাইরে ওই গাড়ি নিতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা।

রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুজ্জামান এ নির্দেশনা জারি করেন।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম নির্দেশনাটি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারকদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।