কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে চিকিৎসক ও জনবল-সংকটে মুখ থুবড়ে পড়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রম। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজননসহ বিভিন্ন সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এসব সেবাকেন্দ্রে সাধারণত গৃহপালিত পশুপাখির চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিন উপজেলার হাসপাতালগুলোতে প্রায় ৭০ শতাংশ পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে এসব কার্যক্রম।
কৃষিনির্ভর এই তিন উপজেলায় কৃষকদের বিপুলসংখ্যক গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য গৃহপালিত পশুপাখির চিকিৎসায় সরকারি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালই প্রধান ভরসা। অথচ দীর্ঘদিনের জনবল-সংকটে প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত ওষুধের অভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারি ও কৃষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ (ইউএলও) ভেটেরিনারি সার্জন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন (এফএ ও এআই), অফিস সহকারী, অফিস সহায়ক, ড্রেসার, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার এবং তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) মোট ১১ ধরনের পদ রয়েছে।
সে হিসাবে তিন উপজেলার তিনটি হাসপাতালে মোট ৩৩টি পদের বিপরীতে শূন্য রয়েছে ১৯টি। কর্মরত ১৪ জনের মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং তিনজন অন্যত্র প্রেষণে কর্মরত রয়েছেন।
অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন (এফএ ও এআই), অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের (বিএফএ) সাতটি পদ শূন্য রয়েছে। ড্রেসার মো. শাওন সরদার দুই বছর ধরে রাজবাড়ী উপজেলায় প্রেষণে কর্মরত।
ইটনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভেটেরিনারি সার্জন, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ) ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) পাঁচটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া ড্রেসার হিসেবে পদায়ন করা ব্যক্তি দুই বছর ধরে সাভার ডেইরি ফার্মে প্রেষণে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মিঠামইনে চলতি মাসে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন অমিত সাহা। তবে ভেটেরিনারি সার্জন, অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) সাতটি পদ শূন্য রয়েছে। ২০২৫ সালে যোগদানের পর থেকেই এখানকার ড্রেসার ঢাকা চিড়িয়াখানায় প্রেষণে কর্মরত রয়েছেন।
জনবল-সংকটের বিষয়ে ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদী বলেন, ‘হাওরাঞ্চলে বিপুলসংখ্যক প্রাণীর চিকিৎসার জন্য চিকিৎসক একেবারেই কম। স্বল্প জনবল নিয়ে অধিক সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। দ্রুত জনবল বাড়ানো প্রয়োজন।’
মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমিত সাহা বলেন, ‘এখানে প্রাণীর সংখ্যা বেশি, কিন্তু চিকিৎসক কম। তারপরও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো দিন-রাত বিরতিহীনভাবে চিকিৎসাসেবা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি।’
তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর অভ্যন্তরীণ চিকিৎসার পাশাপাশি পাতলা পায়খানা, জ্বর ও কৃমিসহ বিভিন্ন রোগের জন্য আট থেকে দশ ধরনের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। তবে বর্তমানে যে পরিমাণ ওষুধ পাওয়া যায়, তা চাহিদার মাত্র ৮ থেকে ১০ শতাংশ।
সম্প্রতি অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সুনসান নীরবতা দেখা যায়। সেখানে কথা হয় দেওঘর ইউনিয়নের কৃষক মফিজ উদ্দিনের (৫৩) সঙ্গে। তিনি বলেন, ‘গরু-বাছুরের অসুখ হলে দৌড়ে পশু হাসপাতালে আসি। কিন্তু এখানে ডাক্তার থাকেন না, ওষুধও পাওয়া যায় না। পরে নিরুপায় হয়ে গ্রাম্য পশুচিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এতে খরচ ও কষ্ট—দুটিই বেশি হয়।’
মিঠামইন সদর ইউনিয়নের হাঁস ও গরুর খামারি তাসলিমা আক্তার (৩৩) বলেন, ‘খামারের গরু বা হাঁস অসুস্থ হলে দুশ্চিন্তায় পড়ে যাই। পশু হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, ওষুধও থাকে না। দ্রুত হাসপাতালে চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা না করলে খামার চালানো কঠিন হয়ে পড়বে।’
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, জনবল-সংকটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগপ্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, দ্রুত জনবল পদায়ন করা হবে। পাশাপাশি প্রেষণে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ফিরিয়ে আনার জন্য আবারও চিঠি পাঠানো হবে।
Disqus comments are not configured yet.