মুল্ডারের রেকর্ড বোলিংয়ে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ
শঙ্কাটা আগে থেকেই ছিল। ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। অপেক্ষা ছিল শুধু কত রানের ব্যবধানে হারবে নাজমুল হোসেন শান্তর দল। সেই অপেক্ষার অবসান হলো টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার আগেই। ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এ হারের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ। সেঞ্চুরিয়নে এ হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশকে এমন বিব্রতকর হার উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার। রেকর্ড গড়া বোলিং করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এটিই এখন প্রোটিয়াদের সেরা বোলিং ফিগার। এর আগে ২০২২ সালে ডারবানে ৩২ রানে ৭ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।
মুল্ডারের পেস আক্রমণে বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শান্ত-লিটন দাসদের ব্যাটিং লাইনআপ। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অবশ্য ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৫৮ রানে দুই উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন মুল্ডার।
এরপর চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান্ত ও তাওহিদ হৃদয়। কিন্তু মুল্ডার আবারও গতির ঝড় তুললে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। পঞ্চম উইকেট থেকে শুরু করে টানা ছয় উইকেটই শিকার করেন তিনি। ৪ উইকেটে ১৫৮ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৮৪ রানে। অর্থাৎ শেষ ছয় উইকেট হারাতে দলটি যোগ করতে পেরেছে মাত্র ২৬ রান।
বাংলাদেশকে অলআউট করার আগে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার হিসেবে নাম লেখান এই অলরাউন্ডার। সেঞ্চুরিতে করেন ঠিক ১০০ রান, আর দুই ইনিংস মিলিয়ে নেন ৮ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন ম্যাচসেরার পুরস্কার।
অন্যদিকে সিরিজসেরা হয়েছেন দুই টেস্টে ৩০৭ রান করা মারকুয়েস অ্যাকারম্যান। সেঞ্চুরিয়ন টেস্টে খেলেছেন ১৫০ রানের ইনিংস। তাঁর ও মুল্ডারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৪ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৯১ রানে। দ্বিতীয় ইনিংসেও ১৮৪ রানের বেশি করতে পারেনি দলটি। ফলে দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের রান টপকাতে পারেনি বাংলাদেশ।













Disqus comments are not configured yet.