বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি

ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি বলেন, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয় নেওয়ার সুযোগও দেওয়া হবে না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব।

জঙ্গলসলিমপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাঁদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে। এরপরও কারও কোনো সমস্যা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গলসলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকতে চায় না পুলিশ; আরও ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিতে হবে।

রাস্তা নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

এ সময় ডিআইজি শামসুল হক সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রুহুল আমিন প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন এবং সার্বিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ব্যক্তিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিজয় দিবসের সব আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিন দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।

ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুল্ডারের রেকর্ড বোলিংয়ে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
মুল্ডারের রেকর্ড বোলিংয়ে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

শঙ্কাটা আগে থেকেই ছিল। ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। অপেক্ষা ছিল শুধু কত রানের ব্যবধানে হারবে নাজমুল হোসেন শান্তর দল। সেই অপেক্ষার অবসান হলো টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার আগেই। ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এ হারের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ। সেঞ্চুরিয়নে এ হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশকে এমন বিব্রতকর হার উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার। রেকর্ড গড়া বোলিং করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এটিই এখন প্রোটিয়াদের সেরা বোলিং ফিগার। এর আগে ২০২২ সালে ডারবানে ৩২ রানে ৭ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।

মুল্ডারের পেস আক্রমণে বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শান্ত-লিটন দাসদের ব্যাটিং লাইনআপ। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অবশ্য ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৫৮ রানে দুই উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন মুল্ডার।

এরপর চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান্ত ও তাওহিদ হৃদয়। কিন্তু মুল্ডার আবারও গতির ঝড় তুললে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। পঞ্চম উইকেট থেকে শুরু করে টানা ছয় উইকেটই শিকার করেন তিনি। ৪ উইকেটে ১৫৮ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৮৪ রানে। অর্থাৎ শেষ ছয় উইকেট হারাতে দলটি যোগ করতে পেরেছে মাত্র ২৬ রান।

বাংলাদেশকে অলআউট করার আগে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার হিসেবে নাম লেখান এই অলরাউন্ডার। সেঞ্চুরিতে করেন ঠিক ১০০ রান, আর দুই ইনিংস মিলিয়ে নেন ৮ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন ম্যাচসেরার পুরস্কার।

অন্যদিকে সিরিজসেরা হয়েছেন দুই টেস্টে ৩০৭ রান করা মারকুয়েস অ্যাকারম্যান। সেঞ্চুরিয়ন টেস্টে খেলেছেন ১৫০ রানের ইনিংস। তাঁর ও মুল্ডারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৪ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৯১ রানে। দ্বিতীয় ইনিংসেও ১৮৪ রানের বেশি করতে পারেনি দলটি। ফলে দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের রান টপকাতে পারেনি বাংলাদেশ।