বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পরাজিত শক্তি: ভৈরবে প্রতিমন্ত্রী

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পরাজিত শক্তি: ভৈরবে প্রতিমন্ত্রী

পরাজিত শক্তি দেশে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেও কোনো অনুশোচনা না করে আবারও দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, তারা বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। কোনোভাবেই দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে জিল্লুর রহমান পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে দুপুর ১২টার দিকে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া নিম্ন-আয় এলাকায় ৯০ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকসহ অন্যান্যরা।

পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের যোগাযোগব্যবস্থা, শহর রক্ষা ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভৈরবের পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করতে সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভৈরব শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের জন্য ২৬৫ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাম ও শহরের মধ্যে দ্রুত যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের শহরের সঙ্গে যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি ভৈরবের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী
সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের একটি অত্যন্ত খারাপ পররাষ্ট্রনীতি রয়েছে। এ কারণেই দেখবেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ। ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব এখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে।’

তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং দেশটির গণমাধ্যম তাতে সমর্থন দিচ্ছে। এ পরিস্থিতিকে তিনি ভারতের পররাষ্ট্রনীতির ফল হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান বলেন, ‘এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের আলোচনা। এটি অন্য মন্ত্রণালয়ের বিষয়। সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ বিষয়ে কথা বলার ভালো অবস্থানে রয়েছেন।’

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশে হিন্দু-মুসলমানের সহাবস্থানের বিষয়টি ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করি। কয়েক দিন আগে যে দুর্গাপূজা হলো, বাংলাদেশের ইতিহাসে এ রকম পূজা হয়নি। কিন্তু কোনো রাজনৈতিক সংঘাতে হিন্দু বা সংখ্যালঘু কেউ জড়িয়ে পড়লে ভারত সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে। কারণ, এটি বিজেপির স্থানীয় রাজনীতিতে সুবিধা দেয়।’

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশটির গণমাধ্যমগুলো স্থানীয় রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য এ ধরনের বিষয় তুলে ধরছে।

তিনি বলেন, ‘যাঁরা বোঝার, তাঁরা সবাই জানেন কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, জনগণ কীভাবে তাদের বিতাড়িত করেছে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। ভারত যেখানে স্থানীয় রাজনীতিতে সুবিধা পাবে, সে জন্যই এসব করছে।’

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।