জহুরুল ইসলাম নার্সিং কলেজে তৃতীয় বর্ষের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ৩০তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণের মিলনায়তনে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলপনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভুঞা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ডা. ইউসুফ ভুইয়া।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, “নার্সিং পেশা মানবসেবার মহৎ ব্রত। তোমাদের নিষ্ঠা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতা একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক প্রস্তুতির ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি সম্মান, শুভকামনা ও কৃতজ্ঞতা জানায়। বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন বক্তৃতায় কলেজজীবন, শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যক্ষ আলপনা আক্তার বলেন, “এ প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদের আরও আত্মবিশ্বাসী করবে। সুশিক্ষা, নৈতিকতা এবং রোগীর প্রতি মানবিক আচরণ—একজন নার্সের প্রধান পরিচয়।”
আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







