বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ ১৪৩২
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ ১৪৩২

নির্বাচিত হলে ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের আশ্বাস হাসনাত কাইয়ুমের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নির্বাচিত হলে ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের আশ্বাস হাসনাত কাইয়ুমের

জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলে ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের এই স্বতন্ত্র প্রার্থী শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাজিতপুর উপজেলার পিরিজপুরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন।

হাসনাত কাইয়ুম বলেন,
‘আমি নির্বাচিত হলে জলমহাল উন্মুক্ত করে বাজিতপুর-নিকলীকে কৃষি ও প্রাকৃতিক মাছের রাজধানী হিসেবে গড়ে তুলব। একটি সাঁতার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব।’

তিনি আরও বলেন, দেশের নদ-নদী, হাওর-বাঁওড়, বিল ও হাটবাজারসহ সব ধরনের ইজারা বাতিল করে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
‘আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, ভালো মনে করেন—তবে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

নির্বাচিত হলে বাজিতপুর-নিকলী এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটানোর ঘোষণা দিয়ে তিনি বলেন,
‘হাওরাঞ্চলে কৃষির পাশাপাশি নিরাপদ গরুর বাথান পুনরায় চালু করা, পরিবেশবান্ধব পর্যটনশিল্পের প্রসার এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

পরে তিনি উপজেলার বোর্ডবাজার, বাংলাবাজার, সরারচরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এসব সভায় বাজিতপুর ও নিকলী উপজেলাকে সংস্কার ও উন্নয়নের একটি মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ জন্য স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

দীর্ঘদিন ধরে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসছেন হাসনাত কাইয়ুম। তবে বিভিন্ন কারণে দলটি এখনো নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। সে কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বুধবার তিনি হরিণ প্রতীক বরাদ্দ পান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোভারামপুরে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জারু মিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।

কিশোরগঞ্জে ৩০ বিএনপি নেতার পর ২৭ যুবদল নেতা বহিষ্কার

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩০ বিএনপি নেতার পর ২৭ যুবদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) সংসদীয় আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩০ নেতাকে বহিষ্কারের পর তৃতীয় ধাপে নিকলী ও বাজিতপুর উপজেলার ২৭ জন যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান এবং বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা আলী জাহাঙ্গীরসহ মোট ২৭ জন নেতা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

এতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী সৈয়দ এহসানুল হুদার ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত শেখ মজিবুর রহমান ইকবালের হাঁস প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিকলী ও বাজিতপুর উপজেলার ১৩ জন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরও আগে, গত ২৬ জানুয়ারি একই দুই উপজেলার ১৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

আসন্ন সংসদ নির্বাচনের প্রাক্কালে এ পর্যন্ত মোট ৩০ জন বিএনপি নেতা এবং তৃতীয় ধাপে ২৭ জন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের মতে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া শতাধিক দলীয় নেতার মধ্যে বহিষ্কারের আতঙ্ক বিরাজ করলেও অনেকে এখনো স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের হাঁস প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় নেতারা ধারণা করছেন, নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতার সংখ্যা ৫৭ ছাড়িয়ে শতাধিক হতে পারে।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল আনুমানিক রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।

ভৈরবে ট্রাকচাপায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ভৈরবে ট্রাকচাপায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, চালক আটক

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় আব্দুস সাদেক (৭০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়ের মোড় এলাকায় নূরানি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাদেক ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ছিলেন। পাশাপাশি শ্রীনগর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আটক ট্রাকচালক মো. হেলিম মিয়া (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা গ্রামের জিতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরববাজারে কাজ শেষে ভৈরব দুর্জয়ের মোড়ের নূরানি মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।