সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের জন্য আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ-এর এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে তিনি আগেই সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে সতর্ক করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। বৃষ্টিপাতের সম্ভাবনা মাথায় রেখে আগাম ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছিল।

হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল এবং ময়মনসিংহের কিছু এলাকায় প্রবল বর্ষণের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত নিরূপণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের জন্য আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে এবং তারা পুনরায় কৃষিকাজে ফিরে আসতে সক্ষম হবেন।

মাদক পাচারের পথে ইটনায় ধরা পড়ল গাঁজার চালান, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
মাদক পাচারের পথে ইটনায় ধরা পড়ল গাঁজার চালান, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের ইটনা থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, কিশোরগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ জানতে পারে, একটি চক্র বড় ধরনের মাদকের চালান নিয়ে থানা এলাকার মধ্য দিয়ে যাতায়াত করছে।

সংবাদের ভিত্তিতে ইটনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সম্ভাব্য স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাগর মিয়া (৩৯), পিতা: মো. দুলাল মিয়া, স্থায়ী ঠিকানা শাহাবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ; বর্তমানে মাধবপুর, হবিগঞ্জে বসবাসরত। অপরজন মনির হোসেন (২০), পিতা: মৃত নাসির মিয়া, বেজোড়া দক্ষিণপাড়া কসবাহাটি, মাধবপুর, হবিগঞ্জের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলেও দাবি পুলিশের। এছাড়া অধিকতর অনুসন্ধানে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অষ্টগ্রামে ‘অস্ত্রের বদলে আস্থা’ কর্মসূচি, পুলিশের কাছে জমা পড়ল দেশীয় অস্ত্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
অষ্টগ্রামে ‘অস্ত্রের বদলে আস্থা’ কর্মসূচি, পুলিশের কাছে জমা পড়ল দেশীয় অস্ত্র

সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘অস্ত্রের বদলে আস্থা, সহিংসতার বদলে সম্প্রীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা তাদের কাছে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে স্বেচ্ছায় হস্তান্তর করেন।

রোববার (১৪ জুন) সকালে অষ্টগ্রাম থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশেষ ব্যস্ততার কারণে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তিনি দেশীয় অস্ত্র স্বেচ্ছায় জমা দিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ায় এলাকাবাসীর প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দারা তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেন।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “অষ্টগ্রামকে একটি সহিংসতামুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচি প্রমাণ করে, অষ্টগ্রামের মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষেই অবস্থান নিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীরা এ উদ্যোগকে সামাজিক সম্প্রীতি রক্ষা, অপরাধপ্রবণতা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তাদের মতে, স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার মতো উদ্যোগ সমাজে আস্থার পরিবেশ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে।

মাদকবিরোধী অভিযানে সফলতা: কিশোরগঞ্জে বিদেশি মদসহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে সফলতা: কিশোরগঞ্জে বিদেশি মদসহ গ্রেপ্তার এক ব্যক্তি

কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মধ্যে সদর মডেল থানার একটি মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চর শোলাকিয়া এলাকায় এক ব্যক্তি তার নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।