‘বিদায় সিলেট, ভালো থাকুন সিলেটবাসী’- বার্তায় দায়িত্ব ছাড়লেন সারওয়ার আলম
সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব ছাড়ার প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশে নির্ধারিত ফ্লাইটে যাত্রা করার কথা রয়েছে।
এর আগে সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়, যেখানে কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সরকারের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবারই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।
দায়িত্ব ছাড়ার মুহূর্তে তার সংক্ষিপ্ত কিন্তু আবেগময় বিদায়ী বার্তা সিলেটবাসীর সঙ্গে তার কর্মকালীন সম্পর্ক ও পারস্পরিক আন্তরিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।













