কিশোরগঞ্জে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতসহ ৬ দফা দাবিতে খামারিদের স্মারকলিপি
ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি দিয়েছেন জেলার কয়েক শতাধিক পোল্ট্রি খামারি। একই সঙ্গে চলমান সংকট থেকে দেশের পোল্ট্রি শিল্পকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক সোহানা নাসরিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন খামারিরা। পরে তারা কাফনের কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বটতলা মোড়ে গিয়ে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডিম ও পোল্ট্রি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও চরম আর্থিক সংকটে পড়েছেন। সরকারি নির্ধারিত খামার পর্যায়ের প্রতি ডিমের মূল্য ১০ টাকা ৮০ পয়সা হলেও বাস্তবে মাত্র ৭ থেকে ৭ টাকা ৫০ পয়সায় ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তারা।
খামারিদের ভাষ্য, উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারমূল্য অনেক কম থাকায় অধিকাংশ খামারি লোকসানের মুখে পড়েছেন। ফলে অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।
বক্তারা আরও বলেন, পোল্ট্রি খাদ্য, একদিন বয়সী বাচ্চা, ওষুধ, ভ্যাকসিন এবং উৎপাদন উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পোল্ট্রি শিল্পকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বহুজাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ কমিয়ে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
স্মারকলিপিতে পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে দেশের পোল্ট্রি শিল্পের পাশাপাশি খাদ্য নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. সুলতান কবির, হাফেজ মাও. রাশিদ আহমেদ, খামারি মো. শহীদ মল্লিক, মো. নুরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক পোল্ট্রি খামারি ও সংগঠনের নেতৃবৃন্দ।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array