দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বাজিতপুরে বিতর্ক প্রতিযোগিতা
কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে যুক্তি ও তথ্যভিত্তিক বিতর্কের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমতেহাদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ তৌহিদ ফাওয়াহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় বাছাইপর্ব শেষে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়। প্রথম পর্বে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হয় নাজিরুল ইসলাম স্কুলের এবং রাজ্জাকুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সঙ্গে।
পরে চূড়ান্ত পর্বে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক ক্ষতিকর প্রভাব, সুশাসন প্রতিষ্ঠা, সততা, নৈতিক মূল্যবোধ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। তারা যুক্তি দেন, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে সততার চর্চা বাড়াতে পারলে দুর্নীতির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শুধু বক্তব্য উপস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল, সৎ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক), কিশোরগঞ্জ জেলা কার্যালয়।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array