রাষ্ট্রদ্রোহ মামলা
হাসিনাসহ ২৬১ পলাতক; পত্রিকায় বিজ্ঞপ্তি
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে ‘পলাতক’ দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা করা হয়। সিআইডি জানায়, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুল ইসলাম ২৬১ জন আসামিকে ‘পলাতক’ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বাদী হয়ে গত ২৭ মার্চ মামলাটি করেন। গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ১১ সেপ্টেম্বর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেন কয়েকশ নেতা-কর্মী। সেখানে শেখ হাসিনা ‘দেশবিরোধী’ বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ আনা হয়েছে। ওই বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেড প্রধান কবিরুল ইসলাম আকাশ, বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনামও এ মামলার আসামি।
এ মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২৬১ জনকে ‘পলাতক’ দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array