শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকা বা না থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।

দাম বাড়লোঃ অকটেন ১৪০; পেট্রোল ১৩৫; ডিজেল ১১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
দাম বাড়লোঃ অকটেন ১৪০; পেট্রোল ১৩৫; ডিজেল ১১৫ টাকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দরের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি হয়েছে।

নতুন সমন্বয়ে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, যা লিটারে ১৮ টাকা বেশি। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, এতে ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়ে নতুন করে চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বড় হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম হলুদ মিয়া (৩৭)। তিনি উপজেলার জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে হলুদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব-এ ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটী এলাকার বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ মিয়া ওরফে ‘ক্যাপ্টেন আসিফ’ (২৪), আরকান (১৯), মো. আমিন মিয়া (২০), জালাল মিয়া (২৪) ও বাদশা মিয়া (২৭)। তাদের মধ্যে আসিফ মিয়ার নামে হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটী পুকুরপাড় এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দা, ছুরিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, “ভৈরব এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ একজন শীর্ষ ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২২টি মামলা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হয়ে কিছু অপরাধী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসব নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।