শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

জুতা লুকানোকে কেন্দ্র করে শাহজাদপুরে বিয়ে ভেঙে গেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জুতা লুকানোকে কেন্দ্র করে শাহজাদপুরে বিয়ে ভেঙে গেল

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরপক্ষের লোকজন কনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালীর চর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালালে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

কনেপক্ষের লোকজন জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে শুক্রবার বিকেলে গুপিয়াখালীর চরপাড়া গ্রামে বিয়ে করতে আসেন। বরযাত্রীদের খাওয়া-দাওয়া প্রায় শেষ পর্যায়ে ছিল।

এ সময় হাসি-ঠাট্টার ছলে কনের বাড়ির একটি ছোট শিশু বরপক্ষের একটি জোড়া জুতা লুকিয়ে রাখে। বিষয়টি নিয়ে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে সম্পন্ন না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় কনের বাড়ির নারীসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়। পরে তারা বিয়ে বন্ধ করে দিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দাম বাড়লোঃ অকটেন ১৪০; পেট্রোল ১৩৫; ডিজেল ১১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
দাম বাড়লোঃ অকটেন ১৪০; পেট্রোল ১৩৫; ডিজেল ১১৫ টাকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দরের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি হয়েছে।

নতুন সমন্বয়ে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, যা লিটারে ১৮ টাকা বেশি। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, এতে ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়ে নতুন করে চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বড় হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম হলুদ মিয়া (৩৭)। তিনি উপজেলার জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে হলুদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব-এ ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটী এলাকার বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ মিয়া ওরফে ‘ক্যাপ্টেন আসিফ’ (২৪), আরকান (১৯), মো. আমিন মিয়া (২০), জালাল মিয়া (২৪) ও বাদশা মিয়া (২৭)। তাদের মধ্যে আসিফ মিয়ার নামে হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটী পুকুরপাড় এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দা, ছুরিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, “ভৈরব এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ একজন শীর্ষ ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২২টি মামলা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হয়ে কিছু অপরাধী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসব নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।